পাম গাছের ফল সংগ্রহ পদ্ধতি কৃষি কর্মকর্তার জানা নেই!
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ২০০ গরিব নারীর মধ্যে বিতরণ করা অধিকাংশ পামগাছে ফল এলেও পদ্ধতি ও কৌশল না জানায় তা সংগ্রহ করা যাচ্ছে না। সংশ্লিষ্ট প্রকল্প কর্মকর্তারাও এ ব্যাপারে কিছু বলতে পারছেন না।এলাকাবাসীর কয়েকজন জানান, ২০০৮ সালে একটি প্রকল্পের আওতায় সড়ক রক্ষণাবেক্ষণ কাজে ২০টি ইউনিয়নে ২০০ দুস্থ নারীকে নিয়োগ দেওয়া হয়। নিয়োগের সময় প্রত্যেক নারীকে চারটি করে পামগাছ দেওয়া হয়। অধিকাংশ গাছেই এখন ফল এসেছে। কিন্তু ফলগুলো সংগ্রহের পদ্ধতি ও কৌশল না জানায় সেগুলো নষ্ট হচ্ছে।রামপুর গ্রামের শাহীনা খাতুন জানান, তাঁর গাছগুলোতে ফল এসেছে। কিন্তু ফলগুলো কীভাবে সংগ্রহ করতে হবে, কীভাবে তেল উৎপাদন করতে হবে, সে বিষয়টি তাঁর জানা নেই। এ ব্যাপারে জানার জন্য উপজেলা সদরে গিয়েও লাভ হয়নি। একই কথা জানালেন জগন্নাথপুর গ্রামের রাশেদা খাতুন।ওই প্রকল্পের সমাজ সংগঠক (সিও) আনোয়ার হোসেন বলেন, ‘আমাদের কাছে অনেক নারী এসে জানতে চেয়েছেন, কীভাবে ফলগুলো সংগ্রহ করবেন? আমরা তাঁদের স্থানীয় কৃষি অফিসে পাঠিয়েছি।’ফুলপুর উপজেলা কৃষি কর্মকর্তা মফিদুল হক জানান, পামগাছের ফল থেকে তেল উৎপাদনের পদ্ধতি এই মুহূর্তে তাঁর জানা নেই।