পাম চাষ করে বিপাকে খাগড়াছড়ির চাষিরা

প্রচারণায় উদ্বুদ্ধ হয়ে বাগানে আড়াই শ পামগাছের চারা লাগিয়েছিলেন খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোন ছড়ার বাসিন্দা বাবলু মারমা। গত পাঁচ বছরে পামবাগানের পেছনে খরচ করেছেন কয়েক লাখ টাকা। কিন্তু পামফল থেকে তেল শোধনের মতো কোনো প্রযুক্তি না পেয়ে বাগানের সব গাছ কেটে ফেলেছেন তিনি। বাবলুর মতোই পাম চাষ করে বিপাকে পড়েছেন জেলার বহু চাষি।
খাগড়াছড়ি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ের তথ্যমতে, জেলায় ১৩৭ হেক্টর জমিতে পামবাগান রয়েছে। কিন্তু এই কেন্দ্র থেকে কৃষকদের পাম চাষের ব্যাপারে কোনো পরামর্শ দেওয়া হয় না। গাছে ফলন এলেও কীভাবে ফল থেকে তেল তুলবেন জানা না থাকায় হতাশ পামচাষিরা।
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার লতিবান ইউনিয়নের বাউরাপাড়ায় পামবাগান করেছেন কৃষক রবীন্দ্র চাকমা। পাম চাষে তাঁর পূর্ব কোনো অভিজ্ঞতা নেই। পাঁচ বছর আগে স্থানীয় ভাইবোনছড়া বাজারের এক চারা ব্যবসায়ীর পরামর্শে তিনি চার একর জায়গার ওপর ১ হাজার ৮০০টি পাম চারা রোপণ করেন। এই বাগানের বয়স এখন চার বছর। বহু পামগাছে ফলন এসেছে। এখন ফল থেকে তেল তোলার যন্ত্রপাতি তিনি খুঁজে পাচ্ছেন না। যে ব্যবসায়ী তাঁকে উদ্বুদ্ধ করেছিলেন তাঁর সঙ্গে যোগাযোগ করলে তিনি পাম তেল উৎপাদনের যন্ত্র তৈরির জন্য কয়েক লাখ টাকা দাবি করেন।
রবীন্দ্র চাকমা বলেন, ‘অনেক আশা নিয়ে এই বাগান করেছি। কঠোর শ্রম ও অর্থের বিনিময়ে বাগানটি গড়ে তুলেছি। তবে কীভাবে পাম তেল উৎপন্ন হয় সেটা আমার জানা নেই। পাম তেল উৎপাদনকারী ঢাকার কিছু কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছি। তারাও সঠিক কোনো পরামর্শ দিতে পারেনি।’
তিনি আরও জানান, পাম চাষ করলেও স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাঁদের কোনো পরামর্শ বা প্রযুক্তি সহায়তা দেয়নি।
খাগড়াছড়ি উদ্যানকেন্দ্রের প্রধান কৃষিবিদ মোহাম্মদ ফারুক বলেন, ‘আমাদের বিভাগ থেকে পামবাগান সৃজন বা পরিচর্যার কোনো পরামর্শ দেওয়া হয় না। পামগাছের অনেক জাত আছে। এই এলাকায় কোন জাতের পাম ভালো ফলন দেবে, আদৌ পাম চাষ এই পরিবেশে উপযোগী কি না, সে তথ্য আমাদের কাছে নেই। তা ছাড়া ফল থেকে পাম তেল উৎপাদনের যন্ত্রপাতি এ দেশে আছে কি না তাও আমার জানা নেই।’