ঢাকার কেরানীগঞ্জে পাম্প থেকে খুচরা পেট্রল বিক্রি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল রোববার উপজেলা আইনশৃঙ্খলা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান এ সভায় সভাপতিত্ব করেন। সভায় কোন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) সাইদুর রহমান বলেন, দুর্বৃত্তরা পেট্রল ঢেলে যানবাহনে আগুন দিচ্ছে। তাই তিনি পেট্রলপাম্প মালিকদের খুচরা পেট্রল বিক্রি না করার আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, হরতাল-অবরোধে সব ধরনের নাশকতা এড়াতে লঞ্চ টার্মিনাল, বাসস্ট্যান্ড ও সেতুর ওপর কঠোর নজর রাখা হবে। এ ছাড়া তিনি পেট্রলপাম্প থেকে বোতলে করে খুচরা পেট্রল বিক্রি বন্ধ করার নির্দেশ দেন। এ সময় তিনি প্রতিটি গ্রামে প্রতিরোধ কমিটি গঠন করার নির্দেশ দেন।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান বলেন, রোহিতপুর, তারানাগর ও কলাতিয়া এলাকায় হরতাল-অবরোধে তাঁদের ১৪-১৫ জন পুলিশ সদস্য সার্বক্ষণিক টহলে থাকেন। তাই এ সময় তাঁদের হিমশিম খেতে হয়। তিনি এ থানায় পুলিশ সদস্য বাড়ানোর অনুরোধ করেন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহিন আহম্মেদ, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান, তেঘরিয়া ইউপি চেয়ারম্যান জজ মিয়া, তারানগর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, রুহিতপুর ইউপি চেয়ারম্যান আবদুল আলী প্রমুখ।