পাম্প নেই, তবুও বিল কষছে বিদ্যুৎ বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা সদর উপজেলা পরিষদ চত্বরে বিদ্যুচ্চালিত কোনো পানির পাম্প নেই। কখনো পাম্প ছিল বলেও কর্মকর্তারা বলতে পারেন না। অথচ গাইবান্ধা বিদ্যুৎ বিতরণ বিভাগ প্রতি মাসে বিল কষছে।উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ১৫ এপ্রিল গাইবান্ধা বিদ্যুৎ বিতরণ বিভাগ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় চত্বরে পানির পাম্পের নামে এক লাখ ৩৭ হাজার ৬৯৪ টাকা বকেয়া পরিশোধের নোটিশ দেয়। চিঠিতে পাম্পের হিসাব নম্বর উল্লেখ করা হয় ৩৪৩০/জে এবং মিটার নম্বর ৬২৯০৬৭৫২। তৎকালীন ইউএনও ইফতেখার হোসেন অস্তিত্বহীন এই পাম্পের নামে বিল প্রদান বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী বরাবর চিঠি দেন। এরপর দীর্ঘদিন বিদ্যুৎ বিভাগ নিশ্চুপ থাকে। সর্বশেষ গত মে মাস পর্যন্ত প্রায় সাড়ে সাত লাখ টাকা বকেয়া দেখিয়ে বিদ্যুৎ বিভাগ সংযোগ বিচ্ছিন্নের নোটিশ দিয়েছে। ১২ জুন এই নোটিশ ইউএনওর কার্যালয়ে আসে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিব আহসান বলেন, ‘উপজেলা চত্বরে কোনো পানির পাম্প নেই। পানির পাম্প ছিল বলেও আমার জানা নেই। পরিষদের অন্য কর্মকর্তারাও পাম্প ছিল বলে জানেন না। বিষয়টি বিদ্যুৎ বিভাগকে বারবার চিঠি দিয়ে জানানো হয়েছে।’ গাইবান্ধা বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী জিয়াউল ইসলাম বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হবে।’