পাম্প বিকল, দুই ওয়ার্ডে খাওয়ার পানির সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার পৌর এলাকার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে সাত মাস ধরে বিশুদ্ধ খাওয়ার পানির সংকট চলছে। পৌরসভার একটি পানির পাম্প বিকল হয়ে যাওয়ায় এ সমস্যা দেখা দিয়েছে। এতে সাড়ে পাঁচ হাজার মানুষ ভোগান্তি পোহাচ্ছে।
পৌর কার্যালয় সূত্রে জানা গেছে, পৌরসভার নয়টি ওয়ার্ডে আটটি পানির পাম্পের মাধ্যমে বিশুদ্ধ খাওয়ার পানি সরবরাহ করা হয়। এর মধ্যে ১৯৯৫ সালে আন্তজেলা বাস টার্মিনালে স্থাপিত পাম্পটি দিয়ে পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে পানি সরবরাহ করা হতো। গত এপ্রিল মাসে পাম্পটি বিকল হয়ে যাওয়ার পর থেকে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়।
৮ নম্বর ওয়ার্ডের কলোনিপাড়া জামে মসজিদের ইমাম আবদুর রহমান জানান, সাত মাস ধরে নিয়মিত পানি সরবরাহ করা হচ্ছে না। সকালে কিছু সময়ের জন্য পানি সরবরাহ পাওয়া গেলেও দুপুর ও বিকেলে পাওয়া যাচ্ছে না।
৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিরাজুল ইসলাম জানান, ওই এলাকায় যে পাম্প দিয়ে পানি সরবরাহ করা হয়, সেটি বিকল হয়ে গেছে। পৌরসভার অন্য এলাকার পাম্প দিয়ে পানি সরবরাহের উদ্যোগ নিলেও তা সফল হয়নি।
পৌরসভার পানি বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী প্রকৌশলী এ এইচ এম শাহীদুর রশীদ জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ৩৭ শহর প্রকল্পের আওতায় সেখানে নতুন করে পাইপ বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চুয়াডাঙ্গা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী ওমর আলী জানান, পাম্পটি সংস্কারের জন্য প্রাক্কলনসহ ২২-২৩ লাখ টাকার সম্ভাব্য খরচ উল্লেখ করে ৩৭ শহর প্রকল্পের প্রকল্প পরিচালকের কাছে দুই মাস আগে পত্র পাঠানো হয়েছে।