সিলেটের বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পানির পাম্প বিকল হওয়ায় আট দিন ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের পাশাপাশি চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা দুর্ভোগ পোহাচ্ছেন।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ৫০ শয্যার এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্টাফ কোয়ার্টারে পানি সরবরাহ করা হয় একটি পাম্প দিয়ে। গত ২০ জুলাই পাম্পটি বিকল হয়ে যায়। তখন বিকল্প হিসেবে অন্য একটি পাম্প দিয়ে পানি সরবরাহ সচল রাখা হয়েছিল। ২৪ জুলাই বিকল্প পাম্পটিও বিকল হয়ে যায়। স্থানীয় মেকানিক দিয়ে মেরামতের চেষ্টা করা হলেও এটি চালু করা সম্ভব হয়নি।
স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান অফিস সহকারী রফিকুল ইসলাম বলেন, বিকল হওয়া পাম্পটি প্রায় এক বছর ধরে মেরামত করে সচল রাখা হয়েছিল। ২০ জুলাই বিকল হওয়ার আগে আরও ২৯ বার বিকল হয়েছিল। ৩০ বারের সময় এটি আর সংস্কার করা সম্ভব না হওয়ায় বিকল্প ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু বিকল্প পাম্পটিও বিকল হয়ে গেছে।
স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া রোগী ও তাদের স্বজনেরা বলেন, তাঁরা নিজ দায়িত্বে পানি এনে ব্যবহার করছেন। একজন প্রসূতি রোগীর অভিভাবক সিরাজ মিয়া বলেন, রোগী ও তার স্বজনদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি দেওয়ায় তিনি বাড়ি থেকে পানির কলসি এনে ব্যবহার করছেন। এতে খাওয়ার পানির সংস্থান হলেও ব্যবহারের পানির জন্য বিড়ম্বনায় পড়তে হচ্ছে। পাইপলাইন দিয়ে পানি না আসায় শৌচাগার থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এতে রোগীদের সমস্যা হচ্ছে। ফাহমিদা বেগম নামের আরেকজন রোগী বলেন, তাঁর স্বামী পাশের একটি আবাসিক হোটেলে কক্ষ ভাড়া রেখে সেখানে গিয়েই বাথরুমের কাজ সারছেন।
কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স সেলিনা আক্তার বলেন, পানির সমস্যায় কেবল রোগীরা নয়, স্টাফ কোয়ার্টারে বসবাসকারী চিকিৎসক, নার্স ও কর্মচারীদের পরিবারেরও।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক এস এম শাহরিয়ার বলেন, শুধু পাম্প নয়, সরবরাহ লাইনগুলোও মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিভিন্ন স্থানে ফেটে পড়েছে। এ ছাড়া বিকল হওয়া পাম্পটি সম্প্রতি ৯০ হাজার টাকা ব্যয় করে মেরামত করার পরও আবার বিকল হয়ে গেছে। ২৫ জুলাই বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জনানো হয়েছে।
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোয়াজ্জেম আলী খান বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন পানির পাম্প বসানো ও পুরোনো সরবরাহ লাইন সংস্কারের বিষয়ে চলতি সপ্তাহের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।