পাম্পগুলোতে জ্বালানি সংকট দেখা দিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটে দুদিন ধরে বাঘাবাড়ী ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে না। এতে জেলার পেট্রলপাম্পগুলোতে তেল সংকট দেখা দিয়েছে।

উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের মালিকানাধীন তাড়াশ উপজেলার খালকুলায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাশের একটি ফিলিং স্টেশন গত শুক্রবার বিকেলে উদ্বোধন হওয়ার কথা ছিল। শ্রমিক ইউনিয়নের অভিযোগ, স্থানীয় নওগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছাইফুজ্জামান আলমের নেতৃত্বে কয়েকজন চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় উদ্বোধনী মঞ্চ ও চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়। প্রতিবাদে গত শনিবার সকাল নয়টা থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) বাঘাবাড়ী ডিপো থেকে উত্তরের জেলাগুলোতে জ্বালানি তেল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।

তেল সরবরাহ বন্ধ থাকায় জেলার অধিকাংশ পেট্রলপাম্প তেল সংকটে পড়েছে। সিরাজগঞ্জ শহরের পার্ক ফিলিং স্টেশনের মালিক মো. আবদুল মান্নান বলেন, ধর্মঘটের কারণে তাঁর পাম্পে পেট্রল ও অকটেন তেল নেই। প্রতিদিন বিক্রির অনুপাতে তেল আনা হয়। বাঘাবাড়ী ডিপোতে ট্যাংকলরি পাঠানো আছে। শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার করা হলে তেল আনা হবে।

ধোপাকান্দি এলাকার হাজি পেট্রলপাম্পের কর্মচারী আবদুল্লাহ বলেন, ডিজেলের মজুত কম থাকায় অল্প অল্প করে সবাইকে দেওয়া হচ্ছে। চাহিদামাফিক দেওয়া সম্ভব হচ্ছে না। সবকিছু ধর্মঘটের ওপর নির্ভর করছে।

উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রমজান আলী বলেন, বিষয়টি নিয়ে আজ সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনার জন্য তাঁদের ডাকা হয়েছে।

জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন বলেন, ‘সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সাংসদ ম ম আমজাদ হোসেন ও ট্যাংকলরি সংগঠনের নেতাদের আলোচনায় বসার জন্য চিঠি দেওয়া হয়েছে। আশা করি আলোচনা সভায় বিষয়টি মীমাংসা হবে।’