
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসাইল উপজেলার একটি পেট্রলপাম্পের সামনে আগুন লেগে গতকাল মঙ্গলবার সকালে চারটি গাড়ি পুড়ে গেছে। পেট্রলপাম্পে তেল নামানোর জন্য অপেক্ষারত একটি ট্যাংকলরিকে একটি বাস ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুন নেভাতে গিয়ে মহাসড়কে প্রায় তিন ঘণ্টায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল সোয়া সাতটার দিকে উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাসাইলের গোল্লা নামক স্থানে নাহিদ ফিলিং স্টেশনে তেল সরবরাহের জন্য দাঁড়িয়ে থাকা একটি লরিকে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ছিদ্র হয়ে যায় লরির ট্যাংক। বাসযাত্রীরা দ্রুত গাড়ি থেকে নেমে যান।
প্রত্যক্ষদর্শীরা বলেন, লরিকে ধাক্কা দেওয়ার পর সিএনজিচালিত বাসটির ইঞ্জিন বন্ধ না করেই চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ফলে দুর্ঘটনার প্রায় আধা ঘণ্টা পর সকাল আটটার দিকে হঠাৎ গাড়িটিতে আগুন ধরে যায়। লরির ট্যাংক থেকে বের হওয়া তেলের কারণে এ আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের মাত্রা বেড়ে যাওয়ায় তাঁরা ব্যর্থ হন। খবর পেয়ে মির্জাপুরের গোড়াই হাইওয়ে পুলিশ, মির্জাপুর, বাসাইল ও টাঙ্গাইল সদর থানার পুলিশসহ টাঙ্গাইল, মির্জাপুর, বাসাইল, সখীপুর, গাজীপুরের কালিয়াকৈর ও ইপিজেড থেকে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। কিন্তু তাঁরাও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু তার আগেই ওই লরি ও বাসটি ছাড়াও বিডি ফুডের একটি কাভার্ড ভ্যান ও একটি মোটরসাইকেল পুড়ে যায়।
এ ঘটনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কের দুই দিকে মির্জাপুরের পাকুল্যা থেকে টাঙ্গাইলের রাবনা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। আগুন নিয়ন্ত্রণে আসার পর যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
নাহিদ ফিলিং স্টেশনের ব্যবস্থাপক সাজ্জাদ হোসেন বলেন, যমুনা ডিপো থেকে আসা তেলবাহী লরিটিতে প্রায় নয় হাজার লিটার অকটেন ছিল। যার বাজারমূল্য প্রায় আট লাখ ৬৫ হাজার টাকা। লরিটির দাম ৬০ লাখ টাকার বেশি। পুড়ে যাওয়া বাস ও কাভার্ড ভ্যানসহ এ ঘটনায় প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।
টাঙ্গাইল দমকল বাহিনীর সহকারী পরিচালক সৈয়দ আবু জাফর জানান, ফোমজাতীয় এক প্রকার রাসায়নিক দ্রব্য পানির সঙ্গে মিশিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর ছয়টি স্টেশনের আটটি ইউনিট কাজ করে।
আগুন নিয়ন্ত্রণে আনার কাজ স্বাভাবিক রাখতেই যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয় বলে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল কুমার দত্ত জানান।
বাসাইলের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান আগুন নিয়ন্ত্রণে আনার কাজ তদারকি করেন।