
রাজশাহীতে হেলমেটবিহীন মোটরসাইকেলচালকদের কাছে পাম্প থেকে জ্বালানি তেল বিক্রি না করতে গতকাল বৃহস্পতিবার নির্দেশনা জারি করেছে পুলিশ। গতকালই নগরের একটি পাম্পে হেলমেটবিহীন চালকদের হেলমেট দিয়ে এবং তেল বিক্রির পর তা ফিরিয়ে নেওয়ার অভিনব কায়দা দেখা গেছে।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগের নির্দেশনা অনুযায়ী পাম্পমালিকেরা হেলমেটবিহীন চালকদের কাছে তেল বিক্রি না করার সিদ্ধান্ত নেন। কোনো মোটরসাইকেলে দুজনের বেশি আরোহী থাকলেও তেল বিক্রি করা হবে না।
বিকেলে নগরের বোসপাড়ায় একটি ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, হেলমেটবিহীন চালকদের ওই পাম্পের কর্মীরা হেলমেট দিচ্ছেন। তেল নেওয়ার পর চালকেরা হেলমেট ফেরত দিচ্ছিলেন। এ দৃশ্য দেখে পথচারী স্কুলশিক্ষক সাদ্দাম হোসেন বলেন, ‘পুলিশের নির্দেশনা অমান্য করতে যাঁরা এমন উপায় বের করতে পারেন, তাঁদের আর কোনোভাবেই আটকানো সম্ভব নয়।’
জানতে চাইলে ওই ফিলিং স্টেশনের ব্যবস্থাপক প্রথম আলোকে বলেন, পুলিশের পক্ষ থেকে বৃহস্পতিবার নির্দেশনা দেওয়া হয়েছে। অনেকেই এ নির্দেশনার ব্যাপারে জানেন না। তাঁরা হেলমেট ছাড়া তেল নিতে এসে বিপাকে পড়ছেন। তাই কেবল এদিনের জন্যই পাম্প থেকে হেলমেটের ব্যবস্থা করা হয়েছে। আজ শুক্রবার থেকে হেলমেট ছাড়া কাউকে তেল দেওয়া হবে না।
আরএমপির মুখপাত্র ও ট্রাফিক বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বলেন, ২৪টি তেলের পাম্পের মধ্যে বেশির ভাগেই গতকাল পুলিশের নির্দেশনামূলক ব্যানার টানানো হয়েছে। আজ শুক্রবারের মধ্যে বাকিগুলোতেও ব্যানার টানানো হবে। কোনো পাম্পে নির্দেশনা অমান্য করা হলে ব্যবস্থা নেওয়া হবে।
রাজশাহী ফিলিং স্টেশন মালিক সমিতির সভাপতি মমিনুল হক ও সাধারণ সম্পাদক মো. শিমুল বলেন, তাঁরা সমিতিভুক্ত সব পাম্পে নির্দেশনা দিয়েছেন। কোনো পাম্প থেকেই হেলমেটবিহীন মোটরসাইকেলচালকদের কাছে তেল বিক্রি করা হচ্ছে না।