পায়রা নদীতে জেলেদের জালে মৃত ডলফিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার তালতলীতে গতকাল জেলেদের জালে উঠে আসে মৃত ডলফিন l ছবি: প্রথম আলো
বরগুনার তালতলীতে গতকাল জেলেদের জালে উঠে আসে মৃত ডলফিন l ছবি: প্রথম আলো

বরগুনার তালতলী উপজেলার পায়রা নদীতে মাছ ধরা জালে একটি মৃত ডলফিন ধরা পড়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ছোটবগী গ্রামে এক জেলের ইলিশ ধরার জালে ডলফিনটি ধরা পড়ে।
জেলেদের কয়েকজন জানান, তালতলী উপজেলার ছোটবগী গ্রামের জেলে নজরুল ইসলাম (২৭) পায়রা নদীতে বুধবার রাতে ইলিশ ধরার জন্য জাল (সাইন জাল) ফেলেন। সকালে জাল তুলতে গিয়ে জালের সঙ্গে প্যাঁচানো মৃত ডলফিনটি দেখতে পান। পরে সেটি বগী বাজারে নিয়ে এলে উৎসুক মানুষেরা ভিড় জমায়। নজরুলের মতে, ডলফিনটি দু-এক দিন আগেই মারা গেছে।
ওয়ার্ল্ড লাইফ কনজারভেশন সোসাইটির (ডব্লিউসিএস) প্রকল্প ব্যবস্থাপক ও জ্যেষ্ঠ গবেষক জাহাঙ্গীর আলম ডলফিনটির ছবি দেখে এটিকে গাঙ্গেজ (শুশুক) প্রজাতির ডলফিন বলে শনাক্ত করেছেন। তিনি বলেন, গাঙ্গেজ ডলফিন বিষখালী, বলেশ্বর ও পায়রাসহ উপকূলের নদ-নদীতে রয়েছে।
তিনি আরও বলেন, ডলফিনটি জালে আটকা পড়ে মারা গেলে অবশ্যই তার ঠোঁটে, পাখা ও শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের সৃষ্টি হতো। যেহেতু সে রকম কোনো ক্ষত নেই, তাই এটি পরীক্ষা-নিরীক্ষা না করে এর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার দাস বলেন, ‘ডলফিন উদ্ধারের ঘটনাটি স্থানীয় এক সাংবাদিক আমাকে ফোনে জানিয়েছেন। তাঁর দেওয়া বর্ণনা অনুযায়ী ধারণা করছি, এটি শুশুক প্রজাতির ডলফিন।’