পায়রা বন্দর প্রকল্পের ভূমি অধিগ্রহণ বিল পাস
ভূমি অধিগ্রহণের জন্য নোটিশ জারির পর জমির শ্রেণি পরিবর্তন করলে ক্ষতিপূরণ পাওয়া যাবে না। এই বিধান রেখে আজ বুধবার সংসদে পায়রা বন্দর প্রকল্প (ভূমি অধিগ্রহণ) বিল ২০১৬ পাস হয়েছে। তবে এ বিষয়ে সংক্ষুব্ধ ব্যক্তি বিভাগীয় কমিশনারের কাছে আপিল করতে পারবেন।
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে মন্ত্রী বলেন, বর্তমানে প্রচলিত স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল অধ্যাদেশ ১৯৮২ অনুযায়ী জেলা প্রশাসকের কার্যালয় থেকে ক্ষতিপূরণ নির্ধারণের পর সংক্ষুব্ধ ব্যক্তির বিভাগীয় কমিশনারের কাছে আপিলের সুযোগ নেই। তাই আপিলের সুযোগের বিধান অন্তর্ভুক্ত করে প্রস্তাবিত আইন করা হয়েছে।
বিলে বলা হয়েছে, ভূমি অধিগ্রহণের জন্য নোটিশ জারির সময় সংশ্লিষ্ট ডেপুটি কমিশনার ভূমির যে ভিডিও চিত্র গ্রহণ করবেন, সে অনুযায়ী ক্ষতিপূরণ পরিশোধ করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রাবনাবাদ চ্যানেলে পায়রা বন্দর প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।