বেগম রোকেয়া দিবস উপলক্ষে রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে। জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজক।
সকাল নয়টায় বেগম রোকেয়ার স্মৃতিস্তম্ভে ফুল দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। বিকেলে হয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা প্রশাসক ফরিদ আহাম্মদের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার দিলোয়ার বখত।
তিন দিনব্যাপী মেলায় আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার মেলা প্রাঙ্গণে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। শতাধিক হস্তজাত শিল্পের স্টল বসেছে এই মেলায়।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকালে একটি শোভাযাত্রা বের করে। পরে স্বাধীনতা স্মৃতিস্তম্ভে আলোচনা অনুষ্ঠান হয়। বিকেলে রংপুর টাউন হলে বেগম রোকেয়া ফোরামের আয়োজনে সাহিত্যিক এম এ বাশারের সভাপতিত্বে রোকেয়া পদক প্রদান, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
এ ছাড়া সামাজিক সংগঠন গৌরবের প্রান্তর সন্ধ্যায় পাবলিক লাইব্রেরি মাঠে ‘জ্বালো মোমের আলো’ কর্মসূচি পালন করে। এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্টের সভাপতি শেখর দত্ত।