পায়ের তলায় অস্ত্রোপচার অতঃপর মৃত্যু!
মো. হানিফ আহাজারি করে বলছিলেন, ‘প্রয়োজনে আমার ভাই পঙ্গু থাকত। কী দরকার ছিল তার অপারেশনের। তাকে তো মরতে হতো না। ডাক্তাররা আমার ভাইকে মেরে ফেলেছে। পায়ের পাতায় অপারেশনের পর মৃত্যু কীভাবে আমরা মেনে নেব?’
তৃতীয় শ্রেণীর ছাত্র মো. জাবেদ হোসেন (১১) চট্টগ্রাম নগরের ন্যাশনাল হাসপাতালে গতকাল শনিবার সকাল সাড়ে সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সড়ক দুর্ঘটনায় তার বাঁ পায়ের তলার চামড়া ক্ষয় হয়ে গিয়েছিল। ক্ষত অংশে প্লাস্টিক সার্জারির এক দিনের মাথায় জাবেদ মৃত্যুবরণ করে। মৃত্যুর কারণ স্বয়ং অস্ত্রোপচারকারী চিকিৎসক এ টি এম রেজাউল করিমও বুঝতে পারছেন না বলে প্রথম আলোকে জানান।
রেজাউল করিম বলেন, ‘রোগীটি আমার এলাকার। আমি তাকে ভালোভাবে দেখছিলাম। অপারেশনের পর রোগী ভালো ছিল। কিন্তু কেন মারা গেল আমি নিজেও বুঝতে পারছি না।’ রেজাউল করিম ওই হাসপাতালটির পরিচালক।
জাবেদ রাঙ্গুনিয়ার ইসলামপুরের খলিফাপাড়া এলাকার মো. আবুল কাশেমের ছেলে। চার ভাই, তিন বোনের মধ্যে জাবেদ সবার ছোট। সে স্থানীয় একটি মাদ্রাসায় তৃতীয় শ্রেণীতে পড়ত। গত ২৬ আগস্ট মাদ্রাসা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সে বাঁ পায়ে আঘাত পায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রেজাউল করিমের পরামর্শে জাবেদকে ২৬ আগস্ট চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে ৫১৯-সি নম্বর সাধারণ শয্যায় ভর্তি করা হয়। গত শুক্রবার তার অস্ত্রোপচার করা হয়। রেজাউল করিম ছাড়াও ঢাকা বারডেমের বিশেষজ্ঞ চিকিৎসক রাশেদুল ইসলাম অস্ত্রোপচারে অংশ নেন। অ্যানেসথেসিয়া দেন চিকিৎসক হারুনুর রশিদ। নয়টা থেকে আড়াইটা পর্যন্ত অস্ত্রোপচার শেষে শয্যায় দেওয়া হয়।
জাবেদের বড় ভাই স্নাতকের ছাত্র মো. হানিফ বলেন, অস্ত্রোপচারের পর সে ছটফট শুরু করে। রাতে বেশি ছটফট করলে আমরা বারবার চিকিৎসককে ডাকি। কিন্তু তাঁরা বিরক্ত হন। রাত চারটার দিকে তাঁরা এসে দেখে বলেন, রোগী ভালো আছে। গতকাল সকাল সাড়ে সাতটার দিকে সে মারা যায়।
অস্ত্রোপচারের জন্য রেজাউল করিমকে সর্বমোট ৬০ হাজার টাকা দেন বলে জানান হানিফ। এ ছাড়া হাসপাতালে দেওয়া হয় আরও সাড়ে ছয় হাজার টাকা। স্বজনেরা জানান, বাঁ পা ছাড়া আর কোনো সমস্যা তাঁর ছিল না। রোগীর মৃত্যু সনদে লেখা হয়েছে হূদেরাগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে জাবেদ। চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র ও চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা যায়, অস্ত্রোপচারের আগে তার কোনো ইসিজি করা হয়নি। এ ছাড়া ভর্তির পর থেকে ১০০ থেকে ১০৩ পর্যন্ত জ্বর ওঠানামা করলেও তার কারণ উদ্ঘাটনের জন্য রক্তের কোনো পরীক্ষা করা হয়নি।
এ প্রসঙ্গে রেজাউল করিম বলেন, ‘বাচ্চাদের সাধারণত হূদেরাগ থাকে না। আমরা ইসিজি করি না। আর জ্বরটা দুর্ঘটনার কারণেই উঠেছে। কিন্তু তার মৃত্যুর কারণ বুঝতে পারছি না। ডিউটিরত ডাক্তাররাও আমাকে ডাকেননি। প্রয়োজনে তাকে দ্রুত আইসিওতে দেওয়া যেত।’
অ্যানেসথেসিয়া দেওয়া চিকিৎসক হারুনুর রশিদ বলেন, এটা সাডেন ডেথ। তার পায়ের তলার চামড়া ড্রাফটিং করা হয়েছিল। কোনো কারণে রক্ত জমাট বেঁধে তা ফুসফুসে চলে যেতে পারে। যার কারণে মৃত্যু হতে পারে।