পার পেয়ে যাচ্ছেন ১৫ কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

‘সানমুন স্টার টাওয়ার’ নির্মাণে নীতিমালা কোনোটাই মানা হয়নি। নেওয়া হয়নি সংশ্লিষ্ট সংস্থার অনুমোদন। স্থানীয় সরকার মন্ত্রণালয় দুই-দুবার তদন্ত করে রাজধানীর দিলকুশায় সরকারি জমির ওপর নির্মিত ৩০ তলা এ ভবনের অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত সিটি করপোরেশনের ১৫ কর্মকর্তাকে চিহ্নিত করেছে। কিন্তু এই কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি গত দুই বছরে।
বেসমেন্ট, ২৩ তলা ভবনের নকশাসহ সবকিছুরই অনুমোদন দেন ঢাকা সিটি করপোরেশনের অভিযুক্ত এই ১৫ জন প্রকৌশলী। দরপত্র আহ্বান করা হলেও চারটি প্রতিষ্ঠান দরপত্র কেনে এবং একটি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়। ২৩ তলার অনুমোদন নেওয়া হলেও ভবনটি ৩০ তলা করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বরং তাঁদের কারও কারও পদোন্নতি হয়েছে।
তদন্তে অনিয়মের দায়ে অভিযুক্ত ১৫ কর্মকর্তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে চেয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তাদের চিঠি পাঠিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ ব্যাপারে আগামী সাত দিনের মধ্যে তাঁদের জবাব দিতে বলা হয়েছে। না হলে দুর্নীতি দমন কমিশনের কাছে তাঁদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হবে বলে জানান সংশ্লিষ্ট এক কর্মকর্তা।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, ‘আমাদের কাছে যেহেতু নির্দেশনা এসেছে, সেহেতু আমরা অবশ্যই দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেব। দুর্নীতিবাজ কোনো কর্মকর্তাকে করপোরশনে রাখার প্রশ্নই ওঠে না। তবে আমি এখনো চিঠি পাইনি।’
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল অবশ্য প্রথম অলোকে বলেছেন, তিনি চিঠি পেয়েছেন। এ বিষয়ে আলাপ-আলোচনা করে ব্যবস্থা নেবেন।
সংশ্লিষ্ট সূত্র বলেছে, তদন্ত ও পুনঃতদন্ত প্রতিবেদন পাওয়ার পর স্থানীয় সরকার বিভাগ দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে চাকরি বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে সিটি করপোরেশনকে চিঠি দেয়।
যে ১৫ কর্মকর্তাকে দায়ী করা হয়েছে, তাঁরা হলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ কুদরত উল্লাহ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী নুরুল আমিন, তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল হক, প্রধান প্রকৌশলী মো. আবদুল কাদির, সচিব সামসুজ্জামান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মো. সেহাব উল্লাহ, সহকারী প্রকৌশলী মফিজুর রহমান খান ও আবুল কালাম আজাদ, আইন কর্মকর্তা এম এস করিম, সহকারী সচিব জুনায়েদ আমিন, নির্বাহী প্রকৌশলী মনসুর আহমেদ, উপসহকারী প্রকৌশলী আমিনুর রহমান চৌধুরী ও হারুন-অর রশীদ, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শহিদ উল্লাহ ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফারুখ আজিজ।
সংশ্লিষ্ট সূত্র বলেছে, ভবনটি এত দিন ডেভেলপার প্রতিষ্ঠান এম আর ট্রেডিংয়ের দখলে ছিল। বর্তমানে সেটির স্বত্বাধিকারী মিজানুর রহমান এ-সংক্রান্ত মামলায় আটক হয়ে কারাগারে রয়েছেন।
দিলকুশায় বিসিআইসি ভবনের সামনে ও বঙ্গভবনের সীমানাপ্রাচীরের উত্তরে ৩৭ নম্বর প্লটে চার বিঘা জমির ওপর আধুনিক পার্কিং ও বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের সিদ্ধান্ত হয় ২০০৩ সালের ৫ এপ্রিল। সিদ্ধান্ত ছিল, তৎকালীন ঢাকা সিটি করপোরেশনের অর্থায়ন ছাড়াই বেসরকারি সংস্থার মাধ্যমে সরকারি-বেসরকারি অংশীদারত্বে (পিপিআর) এটি নির্মাণ করা হবে। কিন্তু এ সিদ্ধান্ত অমান্য করার পাশাপাশি ভবনটি নির্মাণে নানা অনিয়ম করা হয়েছে।
গত বছর বঙ্গভবনের এক চিঠির পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব (তদারকি ও মূল্যায়ন) আবুল কাসেমকে প্রধান করে একটি তদন্ত কমিটি করা হয়। কমিটি গত বছরের ১৮ জুন প্রতিবেদন দেয়। প্রতিবেদনে ১৮টি অনিয়ম তুলে ধরে এ জন্য তৎকালীন ডিসিসির ১১ জন প্রকৌশলীসহ ১৫ জন কর্মকর্তাকে দায়ী করা হয়। কমিটি তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। তবে তাঁদের বেশির ভাগের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁদের মধ্যে আটজনের পরবর্তী সময়ে পদোন্নতি হয়েছে। কেউ কেউ অবসরে চলে গেছেন।
পরে সৈয়দ কুদরত উল্লাহ ও নুরুল আমিনের নির্দোষ দাবির পরিপ্রেক্ষিতে পুনঃতদন্তের জন্য স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সিরাজুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা বলেন, বঙ্গভবনের কাছাকাছি হওয়ায় ভবনটি নির্মাণের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ছাড়পত্র নেওয়ার প্রয়োজন ছিল। তা নেওয়া হয়নি। এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) নীতিমালা লঙ্ঘিত হয়েছে।
পুনঃতদন্ত কমিটি তাদের পর্যালোচনায় বলেছে, সৈয়দ কুদরত উল্লাহ প্রথম থেকেই এ নির্মাণ-সংক্রান্ত সব কার্যক্রমে যুক্ত ছিলেন। তিনি চতুর্থ থেকে ২৩ তলা পর্যন্ত ডেভেলপারের মাধ্যমে নির্মাণসহ দরপত্র আহ্বান ও বিল পরিশোধ করেন। এ ছাড়া তিনি এই কর্মকাণ্ডে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন। পিপিআর অনুযায়ী ক্রয় পরিকল্পনা না করা, মূল ড্রয়িং অনুমোদনের আগেই ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া, ডিজাইন অনুমোদন করা, টু স্টেজ পদ্ধতি, দরপত্র এড়িয়ে যাওয়াসহ অনেক বিষয় তাঁর দায়িত্বকালে হয়েছে। এ ছাড়া তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে প্রকল্প পরিচালকের মূল দায়িত্ব পালন করায় অভিযোগ থেকে তাঁর সংশ্লিষ্টতা এড়ানোর সুযোগ নেই।
একইভাবে নুরুল আমিন তৎকালীন নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনকালে প্রথম পর্যায়ের বিল পরিশোধ এবং দ্বিতীয় পর্যায়ে আর্থিক, প্রশাসনিক ও কারিগরি অনুমোদনক্রমে নির্মিত বেসমেন্টসহ মোট পাঁচটি ফ্লোরের নির্মাণকাজে সংশ্লিষ্ট ছিলেন। ফলে এ সময়কালে অনিয়মের দায়ভার তাঁর এড়ানোর সুযোগ নেই। ২০০৯ সালের ১১ নভেম্বর এমআর ট্রেডিংয়ের সঙ্গে ডিসিসির তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল হক চুক্তি স্বাক্ষর করেন।