পার-বোয়ালিয়া গণহত্যা দিবস পালিত
নওগাঁয় পার-বোয়ালিয়া গণহত্যা দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার সকালে নওগাঁর স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদের আয়োজনে গণকবরে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পার-বোয়ালিয়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত শহীদ স্মরণসভায় একুশে পরিষদের সভাপতি ডি এম আবদুল বারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ সদর আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল মালেক। অন্যদের মধ্যে বক্তব্য দেন বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছানুর-আল-মামুন, প্রবীণ সাংবাদিক কায়েস উদ্দিন, বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ, একুশে পরিষদের সাধারণ সম্পাদক মোস্তফা মেহমুদ রাসেল, সাংস্কৃতিক কর্মী রফিকুদ্দৌলা রাব্বী, নাইস পারভীন, নওগাঁ প্রথম আলো বন্ধুসভার সভাপতি তসলিমা ফেরদৌস প্রমুখ।
১৯৭১ সালের ৭ নভেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী স্থানীয় বিহারি, রাজাকার ও আলবদর বাহিনীর সহযোগিতায় পার-বোয়ালিয়া গ্রামের ১৪ জন এবং খাগড়কুড়ি গ্রামের ৩২ জন মোট ৫২ জন নিরীহ বাঙালিকে নির্বিচারে গুলি করে হত্যা করে।