পারটেক্স গ্রুপের বিরুদ্ধে বনের জমি দখলের চেষ্টার অভিযোগ
পারটেক্স গ্রুপের বিরুদ্ধে গাজীপুর সদরের জাঙ্গালিয়া এলাকায় বন বিভাগের জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার দুপুরে পারটেক্স গ্রুপের পক্ষে ২০-৩০ জন লোক ওই জমিতে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ শুরু করলে বন বিভাগের কর্মচারীরা বাধা দেন।বন বিভাগ, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বন বিভাগের লোকজনের বাধায় ফিরে গেলেও পারটেক্স গ্রুপের লোকজন কিছুক্ষণ পর ফিরে এসে পাশের প্যানাশ নিটেড ক্রিয়েশন কারখানার জমিতে হামলা করেন। তাঁরা সেখানে নির্মাণাধীন স্থাপনা ভাঙচুর করেন। পুলিশ গিয়ে তাঁদের হটিয়ে দেয়।সংশ্লিষ্ট সূত্র ও প্রত্যক্ষদর্শীরা বলেছেন, দুপুরে পারটেক্স গ্রুপের ২০-৩০ জন শ্রমিক জাঙ্গালিয়া এলাকায় প্যানাশ কারখানার পাশে আনুমানিক এক একর জমি ঘিরে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ শুরু করেন। খবর পেয়ে বন বিভাগের সাত-আটজন কর্মচারী ও প্রহরী ঘটনাস্থলে গিয়ে তাঁদের বাধা দেন এবং প্রাচীরের নির্মিত অংশ ভেঙে দেন। বন বিভাগের লোকজন চলে যাওয়ার পর বেলা তিনটার দিকে পারটেক্স গ্রুপের পক্ষে ২০-৩০ জন লোক আবার ঘটনাস্থলে যান।অভিযোগ উঠেছে, তাঁরা এ সময় পাশের প্যানাশ সোয়েটার কারখানার টিন দিয়ে ঘেরা সীমানা ভেঙে নির্মাণাধীন ভবনের দেয়াল গুঁড়িয়ে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের ধাওয়া করে।বন বিভাগের বাহাদুরপুর বিটের কর্মকর্তা আবদুস সবুর জানান, পারটেক্স গ্রুপের ২০-৩০ জন লোক আড়াইশ প্রসাদ মৌজার গেজেটভুক্ত জমিতে সীমানাপ্রাচীর নির্মাণ করছিলেন। খবর পেয়ে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে শ্রমিকেরা চলে যান।এ ব্যাপারে স্থানীয় হোতাপাড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, প্যানাশ কারখানায় হামলাকারীদের ফেলে যাওয়া ছুরি ও চাপাতি জব্দ করা হয়েছে।প্যানাশের ব্যবস্থাপক (প্রশাসন) এ কে এম গোলাম সারোয়ার বলেছেন, তাঁদের কারখানার দুই পাশেই বন বিভাগের জমি। তিনি দাবি করেন, পারটেক্সের পক্ষ থেকে বন বিভাগের জমি ‘আয়ত্বে নিয়ে’ তা প্যানাশের সঙ্গে বিনিময় করার প্রস্তাব দেওয়া হয়েছিল। গোলাম সারোয়ার বলেন, তাঁরা এতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।তবে পারটেক্স গ্রুপের এস্টেট অফিসার মোস্তফা কামাল বলেন, প্যানাশ তাদের কিছু জায়গা দখল করে রেখেছে। তা উদ্ধার করতে তাদের লোকজন যায়। এ ছাড়া সংশ্লিষ্ট জমি নিয়ে বন বিভাগের সঙ্গে তাদের মামলা চলছে।