পারটেক্সের পেপার মিলকে ৩৮ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতলক্ষ্যাদূষণের অভিযোগে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে অবস্থিত পারটেক্স গ্রুপের মালিকানাধীন আম্বার পাল্প অ্যান্ড পেপার মিলসকে ৩৮ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে পরিবেশ অধিদপ্তর ইটিপি প্ল্যান্ট স্থাপন ব্যতীত কারখানার তরল বর্জ্য নদীতে না ফেলতে কারখানা কর্তৃপক্ষকে নির্দেশ দেয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরীর পরিবেশ সংরক্ষণ আইনে কারখানার ব্যবস্থাপনা পরিচালককে এ জরিমানা করেন। মুনীর চৌধুরী জানান, ২০০২ সালে প্রতিষ্ঠিত পারটেক্স গ্রুপের মালিকানাধীন আম্বার পাল্প অ্যান্ড পেপার মিলস ১০ বছর ধরে ইটিপি প্ল্যান্ট ছাড়া কারখানার তরল বর্জ্য শীতলক্ষ্যা নদীতে ফেলছে। এতে শীতলক্ষ্যা মারাত্মকভাবে দূষিত হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই কারখানাটি চালানো হচ্ছিল। কারখানার বর্জ্য পরিশোধে ইটিপি প্ল্যান্টও তারা স্থাপন করেনি। তিনি বলেন, এ কারখানায় বার্ষিক সাড়ে সাত হাজার মেট্রিক টন কাগজ উৎপাদিত হয়। কারখানাটি ‘লাল’ শ্রেণীভুক্ত বিধায় তরল বর্জ্য পরিশোধনাগার স্থাপন ও পরিবেশ ছাড়পত্র গ্রহণ বাধ্যতামূলক। তদন্তে দেখা গেছে, গত ১০ বছরে কারখানাটি প্রায় আড়াই লাখ ঘনমিটার তরল বর্জ্য শীতলক্ষ্যা নদীতে নির্গমন করেছে। এই বর্জ্যের মধ্যে রয়েছে উচ্চমাত্রার ক্ষারীয় বর্জ্য। কারখানার মালিক ১০ বছর ধরে পরিবেশ আইন লঙ্ঘন করেছেন। কারখানার উৎপাদন-প্রক্রিয়ায় যে রাসায়নিকমিশ্রিত তরল বর্জ্য উৎপন্ন হয়, তা সরাসরি শীতলক্ষ্যা নদীতে নির্গত হওয়ায় জলজ প্রাণীসহ সার্বিক পরিবেশের জন্য বিপর্যয় সৃষ্টি করছে। নির্ধারিত সময়সীমার মধ্যে ইটিপি স্থাপনে ব্যর্থ হলে কারখানা বন্ধ করে দেওয়া হবে বলে তিনি হুঁশিয়ার করে দেন কারখানা কর্তৃপক্ষকে।