পারভীনা গণধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শেষ
লালমনিরহাট জেলা ও দায়রা জজ ওসমান হায়দারের আদালতে কলেজছাত্রী পারভীনা বেগম গণধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন লালমনিরহাটের তৎকালীন মুখ্য বিচারিক হাকিম ও ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সাইফুর রহমান।
গতকাল বৃহস্পতিবার তিনি এ সাক্ষ্য দেন। তিনি এ মামলার ২৯ নম্বর সাক্ষী। তাঁর এ সাক্ষ্য প্রদানের মাধ্যমে এ মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এর আগে বুধবার মো. সাইফুর রহমানের সাক্ষ্য গ্রহণের কথা ছিল। কিন্তু লালমনিরহাটের আইনজীবী মাহবুবার রহমানের মৃত্যুতে ওই দিন আদালতের সব বিচারিক কাজ মূলতবি করে ‘ফুল কোর্ট রেফারেন্স’ অনুষ্ঠিত হওয়ায় তাঁর সাক্ষ্য নেওয়া হয়নি। পরে গতকাল তিনি সাক্ষ্য দেন।
এর আগে এ মামলায় তাঁকে পর পর পাঁচবার লালমনিরহাটের আদালতে সাক্ষী দিতে সমন দেওয়া হলেও তিনি আসেননি।
আদালত সূত্রে জানা গেছে, এই মামলার প্রধান আসামি হালিম বাদশা ২০০৮ সালের ১৩ জানুয়ারি সাইফুর রহমানের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরই পরিপ্রেক্ষিতে আলোচিত এ মামলায় তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে বিবেচিত হন।
২০০৮ সালের জানুয়ারি মাসে পারভীনাকে গণধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর ভাই কলেজশিক্ষক সফিকুল ইসলাম বাদী হয়ে সদর থানায় ২০০৮ সালের ১২ জানুয়ারি মামলা করেন।