পারভেজ মিয়া পুরস্কৃত

দুর্ঘটনায় ডোবায় পড়ে যাওয়া বাসের যাত্রীদের জীবিত উদ্ধার করায় কুমিল্লার দাউদকান্দি হাইওয়ে থানার কনস্টেবল পারভেজ মিয়াকে পুরস্কৃত করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
গত রোববার পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত এক অনুষ্ঠানে পারভেজকে ১ লাখ টাকা পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন আইজিপি।
অন্যদিকে, পারভেজকে একটি ইয়ামাহা স্যালুটো ১২৫ সিসি মোটরসাইকেল দেয় এসিআই মোটরস লিমিটেড। পারভেজের হাতে এই মোটরসাইকেলের চাবি তুলে দেন এসিআই মোটরসের চিফ বিজনেস অফিসার সুব্রত রঞ্জন দাস।
পুরস্কার পাওয়া মোটরসাইকেলটি ব্যক্তিগত ও পুলিশি দায়িত্ব পালনে ব্যবহার করছেন কনস্টেবল পারভেজ।
৭ জুলাই বেলা ১১টার দিকে দাউদকান্দির গৌরীপুরে যাত্রীবাহী একটি বাস সড়কের পাশের ডোবায় পড়ে যায়। তখন কনস্টেবল পারভেজ নিজের জীবনের তোয়াক্কা না করে ঝাঁপিয়ে পড়েন ময়লা দুর্গন্ধময় ডোবায়। বাঁচান প্রায় ৪০ জনের প্রাণ।