পারভেজকে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে যুবলীগের বহিষ্কৃত নেতা জহিরুল ইসলাম ভূঁইয়া ওরফে ক্যাঙ্গারু পারভেজের সন্ধান পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছে তাঁর পরিবার।

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় গতকাল রোববার দুপুরে রাইফেল ক্লাবে সংবাদ সমেঞ্চলন করে এ সহায়তা চান পারভেজের স্ত্রী খুরশীদ জাহান ওরফে সোহানা। এ সময় উপস্থিত ছিলেন তাঁর বোন মাহমুদা পারভীন, ছয় বছরের ছেলে এবং সিটি করপোরেশনের কাউন্সিলর ইসরাত জাহান, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহ্ নিজাম, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি চন্দনশীল প্রমুখ।

সংবাদ সমেঞ্চলনে খুরশীদ জাহান বলেন, ৬ জুলাই ঢাকার গুলশান-২ এলাকায় চিকিৎসা শেষে ফেরার পথে ডিবি পুলিশ পরিচয়ে ১০-১২ জন অস্ত্রধারী লোক জোর করে পারভেজকে তুলে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত এক সার্জেন্ট বিষয়টি দেখেছেন। অপহরণকারীরা পুলিশ বা র‌্যাবের লোক হয়ে থাকলে ওই সার্জেন্ট তাঁদের অবশ্যই চিনবেন। তাঁকে খুঁজে বের করার দায়িত্ব রাষ্ট্রের।

খুরশীদ আবারও অভিযোগ করেন, পারভেজকে গুম করানো হয়েছে। এ জন্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী ও নাগরিক আন্দোলনের নেতা রফিউর রাব্বি দায়ী।

খুরশীদের অভিযোগ আগের মতোই অস্বীকার করেছেন মেয়র সেলিনা হায়াৎ আইভী ও রফিউর রাব্বি।