পারমাণবিক বিদুৎকেন্দ্র বিল পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনায় কোম্পানি গঠন করতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বিল ২০১৫ গতকাল মঙ্গলবার সংসদে পাস হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
এর আগে আইনটি অধ্যাদেশ আকারে জারি করা হয়েছিল।
বিলের ওপর দেওয়া বিরোধীদলীয় সদস্যদের সংশোধনী, জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়।
বিলে বলা হয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালিকানা থাকবে বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের হাতে। কেন্দ্রটি পরিচালনা করবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব কোম্পানির চেয়ারম্যান এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক কোম্পানির প্রথম ব্যবস্থাপনা পরিচালক হবেন।
বিলের ওপর আলোচনায় নোটিশদাতা জাতীয় পার্টির ফখরুল ইমাম বলেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য রাশিয়ার সঙ্গে চুক্তি হয়েছে। সংবিধান অনুযায়ী যেকোনো চুক্তি সংসদে প্রকাশ করতে হবে। কিন্তু তা করা হয়নি। সুতরাং এই বিল পাসের আগে সংসদে চুক্তি প্রকাশ করতে হবে।
তবে মন্ত্রী এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
এ ছাড়া গতকাল এক ও দুই টাকার মুদ্রার মতো পাঁচ টাকার মুদ্রা প্রচলনের দায়িত্ব সরকারের হাতে দিতে বাংলাদেশ কয়েনেজ (সংশোধন) বিল ২০১৫ গতকাল সংসদে উত্থাপিত হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিলটি উত্থাপন করেন। উত্থাপনের পর
তা পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
বর্তমানে এক ও দুই টাকার মুদ্রা সরকার বের করে। পাঁচ টাকার মুদ্রা বাংলাদেশ ব্যাংক বের করে।
এ ছাড়া গতকাল ট্রেডমার্ক (সংশোধন) বিল ২০১৫ সংসদে উত্থাপিত হয়েছে। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বিলটি উত্থাপন করলে তা পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। বিলে ট্রেডমার্ক-সংক্রান্ত মামলা নিষ্পত্তির সময় ১২০ দিন থেকে বাড়িয়ে ৩৬০ দিন করার প্রস্তাব করা হয়েছে।
সংসদের অধিবেশন আজ বিকেল পাঁচটা পর্যন্ত মুলতবি করা হয়।