পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প চুক্তি প্রকাশের দাবি
পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চুক্তি জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছেন বিশিষ্ট নাগরিকেরা। একই সঙ্গে বিদ্যুৎকেন্দ্রের মালিকানা ও নিয়ন্ত্রণ সুনির্দিষ্ট করা, এর বর্জ্যব্যবস্থাপনার দায়িত্ব ও পরিকল্পনা সম্পর্কে তথ্য প্রকাশ, নিরাপত্তা ও দুর্ঘটনা প্রতিরোধের ব্যবস্থা সম্পর্কে জনগণকে অবহিত করার দাবি জানিয়েছেন তাঁরা। গতকাল শনিবার পুরানা পল্টনের মুক্তি ভবন মিলনায়তনে ‘পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প: সরকারি চুক্তি ও আমাদের আশঙ্কা’ শীর্ষক এ মতবিনিময় সভায় তাঁরা এ দাবি জানান। তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি এর আয়োজন করে।জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ। তিনি বলেন, বাংলাদেশের বিদ্যুৎ-সংকট সমাধানের জন্য যারা বিভিন্ন চুক্তি করছে, তারা সমস্যা সমাধানের নাম করে আরও নতুন নতুন বোঝা ও ঝুঁকি জনগণের ওপর চাপিয়ে দিচ্ছে।মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে প্রকৌশলী বিডি রহমতুল্লাহ, ভূতত্ত্ববিদ শামসুদ্দিন আহমেদ, সমুদ্র আইন গবেষক নূর মোহম্মদ প্রমুখ বক্তব্য রাখেন। তাঁরা হাজার হাজার কোটি টাকা খরচ করে দেশে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন।