পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশে ঝুঁকিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মতো জনবহুল ও ঘনবসতিপূর্ণ দেশে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আলব্রেসট কনসে। বাংলাদেশের বেশির ভাগ স্থানই ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ মন্তব্য করে তিনি বলেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এলাকায় ভূমিকম্প হলে তা বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে, যা সামলানো কঠিন হবে।
গতকাল শনিবার সিরডাপ মিলনায়তনে ‘জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশ’ শীর্ষক এক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে জার্মান রাষ্ট্রদূত প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জার্মান দূতাবাসের অর্থায়নে জলবায়ু সচেতনতা বৃদ্ধিবিষয়ক একটি প্রকল্পের অংশ হিসেবে বইটি প্রকাশ করেছে সেন্টার ফর ডেভেলপমেন্ট কমিউনিকেশন (সিডিসি)।
সিডিসির নির্বাহী পরিচালক মুহাম্মদ জাহাঙ্গীরের সম্পাদনায় বইটিতে জলবায়ুবিষয়ক ১৪টি প্রবন্ধ-নিবন্ধ স্থান পেয়েছে। অনুষ্ঠানে জার্মান রাষ্ট্রদূত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের আগে ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষার ওপর জোর দেন।
অনুষ্ঠানে সাংবাদিক মাহফুজউল্লাহ বলেন, সরকার জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যে তহবিল গঠন করেছে তার ব্যবস্থাপনায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগ গণমাধ্যমে আসার পরও এ বিষয়ে কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি।