পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে নিরাপত্তার তাগিদ
একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ক্ষেত্রে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ, দক্ষ জনবল, জ্বালানি নিরাপত্তা, বর্জ্য, পরিবেশগত নিরাপত্তা—এসব বিষয়ে খেয়াল রাখতে হয়। এসব বিষয়ে নিশ্চিত হওয়া গেলে পারমাণবিক বিদ্যুৎও নিরাপদ হতে পারে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স (আইইবি) মিলনায়তনে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ডিভিশন আয়োজিত ‘এনার্জি সিকিউরিটি ইন বাংলাদেশ অ্যান্ড দ্য রোল অব নিউক্লিয়ার পাওয়ার’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধে এসব কথা বলা হয়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আমেরিকার অ্যাডভান্সড রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সাইফুর রহমান।
সেমিনারে বক্তারা বলেন, ২০২১ সালের মধ্যে দেশকে মধ্য আয়ের দেশে পরিণত করতে হলে বর্তমানের চেয়ে বিদ্যুৎ উৎপাদন চার গুণ বাড়াতে হবে। পারমাণবিক কেন্দ্রের সঠিক নিরাপত্তাব্যবস্থা নিতে পারলে এবং পারমাণবিক বিদ্যুতের উৎপাদনমূল্য তুলনামূলক কম হওয়ায় তা বাংলাদেশের উন্নয়নে জোরালো ভূমিকা রাখবে বলেও তাঁরা অভিমত দেন।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ডিভিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুর রশিদ সরকারের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন, বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের সদস্য মো. আলী জুলকারনাইন আইইবির সভাপতি অধ্যাপক মো. শামীম জেড বসুনিয় প্রমুখ।