শুধু ইচ্ছা থাকলেই হবে না: বাণিজ্যমন্ত্রী
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ প্রস্তাব সংসদে গৃহীত
দেশে ক্রমবর্ধমান বিদ্যুৎ-সংকট নিরসনে অবিলম্বে দেশে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়ার প্রস্তাব সংসদে গৃহীত হয়েছে। সরকারি দলের সাংসদ শাহরিয়ার আলমের আনা প্রস্তাবটির ওপর প্রায় দুই ঘণ্টা আলোচনা শেষে সংসদে তা কণ্ঠ ভোটে পাস হয়।স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে বক্তারা বলেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ ছাড়া দেশে ক্রমবর্ধমান বিদ্যুৎ-সংকট মেটানো সম্ভব নয়। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করলে একটি কেন্দ্র থেকে অনেক বিদ্যুৎ উৎপাদন সম্ভব। প্রাথমিক বিনিয়োগ একটু বেশি হলেও উৎপাদন খরচ পড়ে অনেক কম। বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, ‘বিদ্যুৎ-সংকট সমাধানে এর আগের সরকার কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এ জন্য প্রচুর সংকটের মধ্যে আমাদের বিদ্যুৎ নিয়ে কাজ শুরু করতে হয়েছে। তিনি আরও বলেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ইচ্ছা করলেই হবে না, আমাদের একটা অবস্থানে যেতে হবে। আমাদের প্রমাণ করতে হবে, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আমরা পরিচালনা করতে পারি। ফারুক খান বলেন, ‘বাংলাদেশের যে কৌশলগত গুরুত্ব আছে এবং এটা সন্ত্রাসী বা জঙ্গিবাদের হাতে যাবে না, তা আমরা প্রমাণ করেছি।’পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রস্তাব উত্থাপনের কারণ উল্লেখ করে শাহরিয়ার আলম বলেন, ‘কোনো দেশকে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব অ্যাটমিক এনার্জির সদস্য হতে হলে সে দেশের সংসদে এ বিষয়ে আলোচনা করতে হবে এবং সর্বসম্মতভাবে প্রস্তাব নিতে হবে। এ জন্য সংসদে এ প্রস্তাবটি নিয়ে আলোচনা শেষে গ্রহণ করা প্রয়োজন। তিনি বলেন, বিশ্বের মোট উৎপাদিত বিদ্যুতের ৭২ শতাংশ আসছে আণবিক শক্তি থেকে। কিন্তু বাংলাদেশে ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও এ ধরনের কোনো বিদ্যুৎকেন্দ্র নেই। সংসদের চিফ হুইপ আবদুস শহীদ বলেন, আণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হলে দেশের মানুষ উপকৃত হবে। তাই যত দ্রুত সম্ভব আণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে হবে।গোলাম দস্তগীর গাজী বলেন, গ্যাস একদিন হয়তো শেষ হয়ে যাবে। কয়লা নিয়ে বিতর্ক চলছে। তরল জ্বালানি দিয়ে বিদ্যুৎ উৎপাদন অত্যন্ত ব্যয়বহুল। একমাত্র রাস্তা খোলা আছে আণবিক বিদ্যুৎ। এটার স্থাপন-ব্যয় অনেক বেশি, তবে বিদ্যুৎ উৎপাদন খরচ অনেক কম। ইসরাফিল আলম বলেন, আণবিক বিদ্যুৎকেন্দ্র সময়ের দাবি, যুগের দাবি। সুবিদ আলী ভুঁইয়া বলেন, যে দেশ যত বেশি বিদ্যুৎ উৎপাদন করে সে দেশ তত সভ্য। দেশের একটি মহল চায় না বিদ্যুৎ সমস্যার সমাধান হোক। আলোচনায় আরও অংশ নেন এনামুল হক, ধীরেন্দ্র দেবনাথ, শামসুর রহমান শরীফ, ইমাজ উদ্দিন প্রামাণিক প্রমুখ।