বাংলাদেশ ও ভুটান পারস্পরিক যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্য বাড়াতে আগ্রহী। গতকাল শুক্রবার লালমনিরহাটের বুড়িমারীতে দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের এক বৈঠকে এ বিষয়ে মতৈক্য হয়। বৈঠকে আগামী এপ্রিলে ভুটানের থিম্পুতে অনুষ্ঠেয় সার্ক শীর্ষ সম্মেলন ও কোপেনহেগেনে বিশ্ব জলবায়ু সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের কৌশল নিয়েও আলোচনা হয়।গত বছর ভুটানে ভূমিকম্পের পর প্রধানমন্ত্রী ঘোষিত ত্রাণ-সহায়তার অংশ হিসেবে বুড়িমারী স্থলবন্দরে ভুটানের পররাষ্ট্রসচিব দাও পেনজোর কাছে ২০ লাখ টাকা মূল্যমানের ওষুধ হস্তান্তর করেন পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস। ওষুধ হস্তান্তরের পর বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) বুড়িমারী কোম্পানি সদরে পররাষ্ট্রসচিব পর্যায়ের ওই বৈঠক শুরু হয়।বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস বলেন, ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগের ক্ষেত্রে দক্ষিণ এশিয়া ছাড়াও পূর্ব-দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে আগ্রহী বাংলাদেশ। ভুটানের পররাষ্ট্রসচিব দাও পেনজো বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনে জয়লাভ করার পর ভুটান সফর করে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত লোকজনকে সহায়তার ঘোষণা দেওয়ায় ভুটানের জনগণ তাঁর প্রতি কৃতজ্ঞ। আজকের এই ত্রাণ-সহায়তায় আমরা আনন্দিত।’ভুটান বাংলাদেশের কাছে যে ১৮টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার চেয়েছে, বাংলাদেশ তা চূড়ান্ত করেছে বলে বৈঠকে জানানো হয়।বৈঠকে বাংলাদেশের আট সদস্যের প্রতিনিধিদলে ছিলেন ভুটানে বাংলাদেশের রাষ্ট্রদূত মজিবুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়াবিষয়ক মহাপরিচালক মো. ইমরান, ৩১ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আসলাম হোসেন প্রমুখ। ভুটানের ২০ সদস্যের প্রতিনিধিদলে ছিলেন বাংলাদেশে ভুটানের রাষ্ট্রদূত বাপ কেসাং, ভুটান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি চিমে সেরাং, সে দেশের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পরিচালক নাওগে ওয়াংচুক, মেডিকেল সার্ভিসের মহাপরিচালক দর্জি ওয়াংচুক প্রমুখ।