পারস্পরিক সহযোগিতা এখন জরুরি: ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘গুলশান ও শোলাকিয়ার ঘটনা তদন্তে এরই মধ্যে এফবিআইকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা নিজেরাই নিজেদের সমস্যা সমাধান করতে পারব, এমনটি ভাবছি না। পরস্পরের সহযোগিতা এখন জরুরি হয়ে পড়েছে। ট্র্যাকিং ডিভাইস ব্যবহারে যুক্তরাষ্ট্র আমাদের চেয়ে অনেক উন্নত। যেসব বিষয়ে আমাদের অভিজ্ঞতা কম এবং টেকনিক্যাল সাপোর্টের অভাব রয়েছে, সেসব বিষয়ে শুধু যুক্তরাষ্ট্র নয়, উন্নত সব দেশ থেকেই সহায়তা নেওয়া হবে।’
আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় বিআরটিএর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, জঙ্গিবাদ সমস্যা বাংলাদেশের একার সমস্যা নয়; এটা আন্তর্জাতিক সমস্যা। এই সন্ত্রাসবাদ মোকাবিলায় আন্তর্জাতিকভাবে পারস্পরিক তথ্য, টেকনিক্যাল সহযোগিতা আদান-প্রদান হতেই পারে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। কী কী বিষয় আদান-প্রদান হতে পারে, তা নিয়ে আলোচনা হয়েছে।
মন্ত্রী বলেন, ‘সড়ক ও পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ অতিক্রম করতে না পারলে মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার নির্মাণ কোনো কাজে আসবে না।’ তিনি বলেন, সড়ক-মহাসড়কে থ্রি হুইলার, নছিমন, করিমন, ভটভটি কোনো অবস্থায়ই চলতে দেওয়া হবে না।
উগ্রবাদ দমনে পুলিশের সাহসী ভূমিকার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সড়ক-মহাসড়কে শৃঙ্খলা আনতে পুলিশ সর্বোচ্চ সহযোগিতা করবে। সড়ক-মহাসড়কে শৃঙ্খলা আনতে না পারলে সড়কে দুর্ঘটনা ও যানজট রোধ করা যাবে না।
এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ছরোয়ার আলম, সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) বদরুল আলম মোল্লা, কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি শরীফুল ইসলাম প্রমুখ।