পারস্পরিক স্বার্থে বিমসটেক নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
বিমসটেক নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা-পরবর্তী চ্যালেঞ্জ ও পশ্চিমের রাজনৈতিক সংকটের প্রভাব মোকাবিলায় সদস্যদেশগুলোর পারস্পরিক স্বার্থে এ ফোরাম হতে পারে একটি কার্যকর হাতিয়ার।
শেখ হাসিনা আজ বুধবার তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় অনুষ্ঠিত পঞ্চম বিমসটেক শীর্ষ সম্মেলনে এসব সব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘এ সম্মেলন আমাদের সম্মিলিত প্রচেষ্টাকে ত্বরান্বিত করার এবং একাধিক চ্যালেঞ্জের অভিন্ন সমাধান খুঁজে বের করার সুযোগ দেবে।’
বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্ট্রি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) ফোরামের ২৫তম বার্ষিকী উপলক্ষে শেখ হাসিনা এ অঞ্চলের পূর্ণ সম্ভাবনা কাজে লাগিয়ে একটি টেকসই ও প্রতিকূলতাসহিষ্ণু বঙ্গোপসাগর অঞ্চল পুনর্গঠনের জন্য অভিন্ন কৌশল খোঁজার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বিমসটেক সদস্যভুক্ত ৭টি দেশে ১৫৪ কোটির বেশি লোকের বসবাস, যা বিশ্বের মোট জনসংখ্যার এক-পঞ্চমাংশের বেশি। এই বিশাল জনসংখ্যা কেবল একটি চ্যালেঞ্জ নয়, একটি বড় সুযোগও বলে মন্তব্য করেন তিনি।
বিমসটেক শীর্ষ সম্মেলনে শেখ হাসিনা তিন দফা প্রস্তাব রাখেন। বিমসটেকের সব নেতার সহযোগিতায় ১৪টি সেক্টরকে সক্রিয় করে প্রক্রিয়াটিকে সম্পূর্ণরূপে কার্যকর করার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী তাঁর প্রথম দফা প্রস্তাবে জনগণের স্বার্থে অবিলম্বে বাস্তব সুবিধা নিশ্চিত করতে বিমসটেক এফটিএ, বিমসটেক সেন্টার, দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র, এনার্জি সেন্টার, কালচারাল কমিশন, সংযোগ প্রকল্প, বিদ্যুতের গ্রিড লাইন সংযোগে সর্বসম্মত সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়ন ও কার্যকর করার প্রতি গুরুত্বারোপ করেন।
দ্বিতীয় দফা প্রস্তাবে শেখ হাসিনা অন্যান্য সব আইনি উপকরণ ও নীতিসংক্রান্ত চলমান প্রক্রিয়া, যা এখনো সম্পন্ন হয়নি, সেগুলো দ্রুত সম্পন্ন করার তাগিদ দেন।
তৃতীয় দফা প্রস্তাবে প্রধানমন্ত্রী উদীয়মান হুমকি মোকাবিলা, নতুন সুযোগ গ্রহণের লক্ষ্যে বিমসটেকের বাইরে প্রাসঙ্গিক সংস্থাগুলোর সঙ্গে অংশীদারত্ব সম্প্রসারণ করে সৃজনশীল ও উদ্ভাবনী প্রক্রিয়ায় জড়িত হওয়ার জন্য সংস্থাটিকে ক্ষমতায়নের পরামর্শ দেন।
শ্রীলঙ্কা ভার্চ্যুয়ালি এই শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনের সভাপতিত্ব করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপক্ষে। সম্মেলনের প্রতিপাদ্য ‘বিমসটেক-টুওয়ার্ডস আ রেসিলেন্ট রিজিয়ন, প্রোসপারাস ইকোনমিকস অ্যান্ড হেলদি পিপলস।’