পারস্পরিক স্বার্থে সহযোগিতা আরও বাড়াতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা  l ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন। গতকাল মঙ্গলবার ভারতের স্বরাষ্ট্রসচিব রাজীব মহর্ষি গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ বিষয়ে জোর দেন। খবর ইউএনবি ও বাসসের।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, দুই দেশের স্বরাষ্ট্রসচিব পর্যায়ের সফল বৈঠক নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তিনি বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পণ্য পরিবহনের ধীরগতির বিষয়টি ভারতের স্বরাষ্ট্রসচিবকে অবহিত করলে এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়ার ব্যাপারে আশ্বাস দেন রাজীব মহর্ষি।
ভারতের স্বরাষ্ট্রসচিব তাঁর বাংলাদেশ সফরে এসে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর সঙ্গে বিনিময় করেন। তিনি বলেন, এ জাদুঘর ইতিহাসের একটি প্রতীক। এ বিষয়ে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু এই বাড়ি থেকেই জাতিকে স্বাধীনতাসংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পরও তিনি এই বাড়িতেই বসবাস করেছেন। ১৯৭৫ পরবর্তী সরকারগুলো এই সড়কের ঠিকানা পরিবর্তনের অপচেষ্টা চালিয়েছিল। কিন্তু বাংলাদেশের জনগণ এটিকে ধানমন্ডি ৩২ নম্বর সড়ক হিসেবেই জানে।
এ সময় ভারতের স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সে দেশের হাইকমিশনার পঙ্কজ সরন উপস্থিত ছিলেন। হাইকমিশনার গতকাল নয়াদিল্লিতে পানি নিয়ে ভারত ও বাংলাদেশের পানিসম্পদমন্ত্রীদের সফল বৈঠক সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
এ সময় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক-বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ এবং স্বরাষ্ট্রসচিব মো. মোজাম্মেল হক খান উপস্থিত ছিলেন।
নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত হরি কুমার শ্রেষ্ঠা গতকাল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় নেপালে জ্বালানি, চাল এবং জীবন রক্ষাকারী ওষুধের সংকট মোকাবিলায় বাংলাদেশের সহযোগিতা চান রাষ্ট্রদূত।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, নেপালের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে সে দেশের বিদ্যমান জ্বালানিসংকট, খাদ্য এবং প্রয়োজনীয় ওষুধের ঘাটতি সম্পর্কে অবহিত করেন। প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতকে বাংলাদেশের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।
প্রধানমন্ত্রী বলেন, ভূমিকম্পের সময় থেকে নেপালের জনগণ অবর্ণনীয় কষ্ট করছে। তাই বাংলাদেশ আক্রান্ত লোকজনকে চাল ও ওষুধ দিয়ে সহযোগিতা করবে।