পারস্পরিক স্বার্থে সামরিক সহযোগিতা বাড়াতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ফাইল ছবি

বাংলাদেশ এবং সৌদি আরবের পারস্পরিক সুবিধার লক্ষ্যে সামরিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। গণভবনে গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌদি আরবের উপ-প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল্লাহ আল আইশের সৌজন্য সাক্ষাৎকালে উভয় নেতা এ অভিমত ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিসহ প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। এ সময় দেশ দুটির মধ্যে বিদ্যমান পারস্পরিক সহযোগিতার বিষয়ে তাঁরা সন্তোষ প্রকাশ করেন।
সৌদি আরবের পবিত্র দুটি মসজিদ রক্ষায় বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা পবিত্র মক্কা নগরীর মসজিদ-আল-হারাম ও মদিনার মসজিদ-ই-নববী রক্ষায় সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।’ সৌদি আরবকে বাংলাদেশের অন্যতম বন্ধুরাষ্ট্র উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের জনগণের হৃদয়ে সৌদি আরব একটি বিশেষ স্থান দখল করে আছে।’
প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার সৌদির অনুরোধে সাড়া দিয়ে দেশটির প্রতিরক্ষা বিভাগের অবকাঠামো উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ড, যেমন—মাইন অপসারণ, মিলিটারি ব্যারাক নির্মাণ, বিমানঘাঁটি, বাংকার প্রভৃতির নির্মাণকাজে সক্রিয়ভাবে অংশগ্রহণের বিষয়টি বিবেচনা করে দেখছে।
এ সময় সৌদি উপমন্ত্রী তাঁদের সীমান্ত রক্ষার প্রসঙ্গ উত্থাপন করলে শেখ হাসিনা বলেন, বাংলাদেশে আন্তর্জাতিক মানসম্পন্ন বর্ডার গার্ড প্রশিক্ষণ একাডেমি রয়েছে। যেখানে সৌদি সীমান্তরক্ষীদের প্রশিক্ষণ দেওয়া যেতে পারে।
সৌদি উপপ্রতিরক্ষা মন্ত্রী বলেন, ‘আমরা সামরিক সম্পর্ক আরও জোরদার করতে চাই।’ এ জন্য দুই দেশের উচ্চপর্যায়ের সামরিক কর্মকর্তাদের সফর বিনিময়ের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
সৌদি মন্ত্রীর মাধ্যমে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ, সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মাহফুজুর রহমান, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ্ এবং বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ এইচ এম আল মুতাইরি এ সময় উপস্থিত ছিলেন।