পারাপারের সময় কমল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেতুটি গতকাল উদ্বোধন করা হয়েছে l ছবি: প্রথম আলো
সেতুটি গতকাল উদ্বোধন করা হয়েছে l ছবি: প্রথম আলো

সংসদীয় এলাকা ঢাকা–১৪–এর গৈদারটেক এবং ১৩-এর মনসুরাবাদ। এক এলাকা থেকে অন্য এলাকায় যেতে নৌকা ছাড়া গতি ছিল না। এতে কমবেশি আধা ঘণ্টা সময় লেগে যেতে। এভাবেই চলছিল বছরের পর বছর। একটি সেতুর উদ্বোধনের পর এক এলাকা থেকে অন্য এলাকায় যেতে এখন সময় লাগছে কয়েক মিনিট।
গতকাল সোমবার গৈদারটেক ও মনসুরাবাদের মাঝের কল্যাণপুর খালের ওপর নির্মিত সেতুর উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। ১৩ নম্বর সংসদীয় এলাকার মধ্যে পড়েছে শ্যামলী রিং রোড, আদাবর ও আশপাশের এলাকা এবং ১৪ নম্বরের মধ্যে পড়েছে গৈদারটেক, মাজার রোড ও গাবতলী, কল্যাণপুরের কিছু অংশ।
সেতুর উদ্বোধন উপলক্ষে গৈদারটেকে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আনিসুল হক বলেন, দুই সাংসদ ও এলাকাবাসীর সহযোগিতা না পেলে এর কাজ শেষ করা সম্ভব হতো না। এই এলাকার মতো উন্নয়নকাজে প্রতিটি এলাকার স্থানীয় প্রতিনিধি ও এলাকাবাসীর সহযোগিতা প্রয়োজন।
গৈদারটেক এলাকায় এলাকাবাসী নিজেদের জায়গা ছেড়ে দেওয়ায় ৩০ ফুট প্রশস্ত সড়ক নির্মাণ সম্ভব হয়েছে—এমন দৃষ্টান্ত তুলে ধরে মেয়র বলেন, অনেক এলাকাতেই এটা সম্ভব। কিছু এলাকার রাস্তা আগে থেকেই প্রশস্ত ছিল। কিন্তু ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) কিছু খুঁটি সড়কে এমনভাবে বসানো হয়েছিল যে সড়ক ছোট হয়ে যায়। ডিএনসিসি এসব খুঁটি অপসারণ করায় সড়ক বড় হয়ে গেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১৩ আসনের সাংসদ জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা–১৪ আসনের সাংসদ আসলামুল হক।
অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মেজবাউল ইসলামসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেতুটির দৈর্ঘ্য ৪৫ মিটার ও প্রস্থ ৯ দশমিক ১৪ মিটার।