ঢাকা-সিলেট রেলপথের আন্তনগর পারাবত এক্সপ্রেসের মৌলভীবাজারের কুলাউড়া জংশন রেলস্টেশনে আসনসংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন যাত্রীরা। আসনসংখ্যা কম হওয়ায় তাঁরা দুর্ভোগ পোহাচ্ছেন।
কুলাউড়া রেলস্টেশন ও টিকিট কাউন্টার সূত্রে জানা গেছে, পারাবত ট্রেনে সংযোজনের জন্য সম্প্রতি ইন্দোনেশিয়া থেকে ১৬টি নতুন বগি কিনে আনা হয়। ২ সেপ্টেম্বর থেকে ওই বগিগুলো নিয়ে ট্রেনটি চলাচল শুরু করবে। ট্রেনে প্রথম শ্রেণি, এসি চেয়ার ও শোভন চেয়ার মিলিয়ে মোট ৭১৯টি আসন আছে। এর মধ্যে কুলাউড়া স্টেশন থেকে ঢাকাগামী যাত্রীদের জন্য তিনটি প্রথম শ্রেণি, পাঁচটি এসি চেয়ার ও ৪৫টি শোভন চেয়ার এবং কুলাউড়া থেকে সিলেটগামী যাত্রীদের জন্য তিনটি প্রথম শ্রেণি, পাঁচটি এসি চেয়ার ও ৬০টি শোভন চেয়ার বরাদ্দ করা হয়েছে। কুলাউড়াসহ আশপাশের জুড়ী ও বড়লেখা উপজেলার লোকজন এ স্টেশন দিয়ে ট্রেনে বিভিন্ন জায়গায় চলাচল করেন।
বর্তমানে এ ট্রেনে কুলাউড়া থেকে সিলেটগামী যাত্রীদের জন্য ১৫টি শোভন চেয়ার ও ২৫টি শোভন এবং কুলাউড়া থেকে ঢাকাগামী যাত্রীদের জন্য তিনটি প্রথম শ্রেণি ও ৩০টি শোভন শ্রেণির আসন রয়েছে।
কুলাউড়া রেলস্টেশনের মাস্টার হরিপদ সরকার বলেন, প্রতিদিন পারাবত ট্রেনে কুলাউড়া থেকে সিলেটে ২৫০-৩০০ জন যাত্রী চলাচল করেন। এ সময় টিকিট কাউন্টারে যাত্রীদের ভিড় লেগে যায়। সবাই আসন পেতে হুমড়ি খেয়ে পড়েন। দুর্ভোগ এড়াতে কেউ কেউ দুই-এক দিন আগেই টিকিট কেটে নেন। যাঁরা আসন পান না, তাঁদের দাঁড়িয়ে থাকতে হয়।
স্টেশন মাস্টার বলেন, ওই ট্রেনে কুলাউড়া থেকে সিলেটগামী যাত্রীদের জন্য কমপক্ষে ১৫০টি আসন বরাদ্দ করা দরকার। তবে কুলাউড়া থেকে ঢাকাগামী যাত্রীদের জন্য যে পরিমাণ আসন বরাদ্দ করা হয়েছে, তা মোটামুটি ঠিক আছে।
কুলাউড়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সিপার উদ্দিন আহমদ বলেন, ‘পারাবত ট্রেনে প্রতিদিন বিভিন্ন কাজে লোকজন সিলেটে যান। কাজ শেষে আবার ওই ট্রেনে তাঁরা ফেরেন। ট্রেনে নতুন বগি হওয়ায় আসনসংখ্যা বাড়বে বলে আশা করেছিলাম। কিন্তু আসন কম বরাদ্দ দেওয়ায় আমরা হতাশ হয়েছি।’
এ ব্যাপারে বাংলাদেশ রেলওয়ের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা সরদার শাহাদাত আলী বলেন, নতুন বগি সংযোজন করায় স্টেশনভিত্তিক প্রাথমিকভাবে আসন বরাদ্দ করা হয়েছে। তবে গুরুত্ব অনুযায়ী পরবর্তী সময়ে আসন বাড়ানো হবে।