পারিকরের ঢাকা সফর আলোচিত ভারতীয় সংবাদমাধ্যমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকরের দুই দিনের ঢাকা সফর গত বৃহস্পতিবার শেষ হয়েছে। তাঁর এই সফর নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম গুরুত্ব দিয়ে সংবাদ পরিবেশন করেছে।
ট্রিবিউন নিউজ সার্ভিস গতকাল শুক্রবার লিখেছে, নিজস্ব সামরিক সরঞ্জাম তৈরিতে বাংলাদেশকে সহায়তা করতে ভারতীয় প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠানগুলো সাহায্য করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন পারিকর।
পারিকরের প্রস্তাব অনুযায়ী বাংলাদেশকে নিজস্ব সামরিক সরঞ্জাম উৎপাদনে সক্ষম করার লক্ষ্যে ভারতের সরকারি খাতের প্রতিষ্ঠানগুলো সহায়তা দেবে। এসব প্রতিষ্ঠান নৌবাহিনীর যুদ্ধজাহাজ, রাইফেল, বন্দুক, ট্যাংক এবং সাঁজোয়া যান তৈরি করে।
একাধিক সূত্র জানায়, বাংলাদেশ নিজস্ব সামরিক সরঞ্জাম উৎপাদনে উন্নতি করতে চায়।
ভারতের প্রথম প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ১১ সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে বাংলাদেশ সফর করেন পারিকর।
ইন্ডিয়া টুডে লিখেছে, পারিকরের এই সফরে প্রতিরক্ষা এবং নিরাপত্তা সহযোগিতার নতুন রূপরেখা তৈরির প্রস্তাব করেছে ভারত, যাতে করে দুই দেশই নিজেদের সশস্ত্র বাহিনীর সামর্থ্য বাড়াতে পারে।