
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, পারিবারিক আবহ থেকে যে প্রেরণা সেলিনা বাহার জামান লাভ করেছিলেন, তা তাঁকে কল্যাণের পথে, সংস্কৃতির পথে এবং সব ক্ষেত্রেই শুভময় কিছু অর্জনের পথে টেনে নিয়েছে।
গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে সেলিনা বাহার জামান স্মারক বক্তৃতায় অধ্যাপক আনিসুজ্জামান এ কথা বলেন। এ সময় ‘সেলিনা বাহার জামান এবং পূর্ব বাংলার সাংস্কৃতিক জাগরণ’ শীর্ষক স্মারক বক্তৃতা দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। সেলিনা বাহার জামান স্মৃতি পরিষদ এই বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করে।
সভাপতির বক্তব্যে আনিসুজ্জামান বলেন, একটা মুক্তবুদ্ধির আবহে তিনি পথ চলেছিলেন। এবং তাঁর পক্ষে যত দূর সম্ভব হয়েছিল, সাংস্কৃতিক কাজে নিজেকে যুক্ত করেছিলেন। সংস্কৃতিকে ওপরে তুলে ধরার চেষ্টা করেছিলেন। এর পেছনে বুলবুল একাডেমির একটা বড় ভূমিকা ছিল। কিন্তু তাঁর যে সাংস্কৃতিক প্রত্যয়, সেটা আগে থেকেই শুরু হয়েছিল। তিনি আবৃত্তিশিল্পী হিসেবেও সুপরিচিত ছিলেন।
স্মারক বক্তৃতায় মফিদুল হক বলেন, সেলিনা বাহার জামানের বাবা হাবিবুল্লাহ বাহার ও মা আনোয়ারা বাহার চৌধুরী দুজনই ছিলেন স্বনামে প্রতিষ্ঠিত। এ ছাড়া তাঁর ফুপু শামসুন্নাহার মাহমুদের প্রেরণাও সেলিনা বাহারের বর্ণাঢ্য জীবনকে প্রভাবিত করেছিল। পঞ্চাশের দশক থেকেই শিশুশিল্পী হিসেবে সেলিনা বাহারের হাতেখড়ি হয় এবং নৃত্য ও আবৃত্তিতে তিনি দক্ষতার স্বাক্ষর রাখেন।
স্মারক বক্তৃতায় বলা হয়, আইয়ুব খানের শাসনের সময় বাঙালি সংস্কৃতির চর্চা নিষিদ্ধ ছিল। কিন্তু ওই সময়ও বাফার (বুলবুল ললিতকলা একাডেমি) সাংস্কৃতিক কর্মসূচি অব্যাহত ছিল। নৃত্যচর্চাও অব্যাহত ছিল। লোকসংগীত ওই সময় একটা বিশেষ জায়গা করে নেয়। প্রতিবছর বাফা থেকে বিশিষ্টজনদের সম্মাননা জানানো হতো। ১৯৬১ সালে আইয়ুব খানের সামরিক শাসনের মধ্যেই উদ্যোগ নেওয়া হয় রবীন্দ্র জন্মশতবার্ষিকী উদ্যাপনের। যেখানে বাফা ও সেলিনা বাহারের অবদান ছিল।
মফিদুল হক বলেন, বাফার সঙ্গে ছিল সেলিনা বাহারের হৃদয়ের সম্পর্ক। নৃত্যে তিনি আনুষ্ঠানিকভাবে তেমন তালিম নেওয়ার সুযোগ পাননি। কিন্তু নৃত্যকলা সংগঠক হিসেবে তিনি ভূমিকা রেখেছেন। ঢাকার সাংস্কৃতিক অঙ্গনে তাঁর অসামান্য অবদান তাঁকে সবার কাছে প্রিয় ব্যক্তিত্বে পরিণত করে।
অনুষ্ঠানে সেলিনা বাহার জামানের ছোট ভাই ইকবাল বাহার চৌধুরী বলেন, সেলিনা বাহার সব সময় দৃঢ়তা ও সাহস ধরে রেখেছিলেন। সারা জীবন এটি বজায় রেখেছিলেন।
অনুষ্ঠানে সেলিনা বাহার জামান স্মৃতি পরিষদের পক্ষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান অধ্যাপক কাজী মদিনা।