যশোরের কেশবপুর উপজেলার বাগদা গ্রামের বাসিন্দা বৈজ্ঞানিক কর্মকর্তা খায়রুল আলমের লাশ গত সোমবার দুপুরে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি ১৩ জানুয়ারি চীনে এক ছাত্রের ছুরিকাঘাতে খুন হন।গত রোববার দুপুর একটার দিকে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে খায়রুলের লাশ পৌঁছায়। পরে রাত ১২টায় তাঁর লাশ নিজ গ্রামে নেওয়া হয়। এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা খায়রুল গত পাঁচ মাস আগে পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য চীনের সাংঝি প্রদেশের নর্থ ওয়েস্ট এগ্রিকালচারাল অ্যান্ড ফরেস্ট বিশ্ববিদ্যালয়ে যান। সেখানে ১৩ জানুয়ারি সন্ধ্যায় ছুরিকাঘাতে খুন হন তিনি। মাত্র ছয় মাস আগে বিয়ে করেন খায়রুল।সোমবার বেলা ১১টার দিকে বাগদা গ্রামের ঈদগাহ ময়দানে খায়রুলের নামাজে জানাজা হয়। এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, কৃষি গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা গোলাম মহিউদ্দিন প্রমুখ শরিক হন।