পারিবারিক কবরস্থানে সমাহিত কাজী জাফর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া কাজীবাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে প্রবীণ রাজনীতিক ও জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান কাজী জাফর আহমদকে। এর আগে গতকাল শনিবার জেলা শহর, সদর দক্ষিণ ও চৌদ্দগ্রাম উপজেলায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা ঈদগাহ মাঠে কাজী জাফরের জানাজা হয়। এরপর বেলা পৌনে একটায় সুয়াগাজী হাইস্কুল ও কলেজ প্রাঙ্গণে, দেড়টায় চৌদ্দগ্রাম পৌর ঈদগাহ মাঠে এবং বাদ আসর চিওড়া ঈদগাহ মাঠে জানাজা হয়।
কুমিল্লা ঈদগাহ মাঠের জানাজায় আওয়ামী লীগের সাংসদ আ ক ম বাহাউদ্দিন, বিএনপির সাবেক সাংসদ মাহবুবুর রহমান ভূঁইয়া প্রমুখ অংশ নেন। চৌদ্দগ্রামের জানাজায় জাতীয় পার্টির (জাফর) নেতা এয়ার আহম্মেদ সেলিমসহ দলের নেতা-কর্মীরা এবং চিওড়ার জানাজায় ফেনীর আওয়ামী লীগের সাংসদ নিজাম উদ্দিন হাজারী, এরশাদের নেতৃত্বাধীন জাপার ফেনী জেলা সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম অংশ নেন।
কাজী জাফর গত বৃহস্পতিবার মারা যান। শুক্রবার টঙ্গী ও রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে তাঁর জানাজা হয়। কাজী জাফর ষাটের দশকের শুরুর দিকে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। পরে যুক্ত হন শ্রমিক রাজনীতির সঙ্গে। স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের আমলে পালন করেন প্রধানমন্ত্রীর দায়িত্ব। মতবিরোধের জেরে ২০১৩ সালের শেষ দিকে জাতীয় পার্টি (জাপা) থেকে তাঁকে বহিষ্কার করা হয়। এরপর তিনি নতুন জাতীয় পার্টি গঠন করে নেতৃত্ব দেন।