পারিবারিক কলহে এক গৃহবধূ খুন
খাগড়াছড়ি জেলা সদরের কুমিল্লা টিলা এলাকায় পারিবারিক কলহের জের ধরে এক গৃহবধূ খুন হয়েছেন। ঘটনাটি ঘটে গতকাল েরাববার সকাল সাড়ে আটটায়।
পুলিশ ও প্রতিবেশীরা জানান, কুমিল্লা টিলা এলাকার আনসার ভিডিপির প্লাটুন কমান্ডার (পিসি) মোতালেবের ছেলেমেয়েদের মধ্যে ঝগড়া-বিবাদ লাগে। এ সময় তাদের সৎমা ফাতেমা বেগম (২৭) বিবাদ মিটিয়ে দিতে গেলে তাঁর সৎ ছেলে শরাফত আলী (১৮) একটি কাঠের লাঠি দিয়ে হঠাৎ মাথায় আঘাত করেন। পরে প্রতিবেশীরা তাঁকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফাতেমা বেগম মারা যান।
নিহতের স্বামী মোতালেব জানান, ঘটনার সময় তিনি বাগানে কাজ করছিলেন। পরে তিনি ঘটনার কথা শোনেন। তিনি স্ত্রী ফাতেমা বেগমের হত্যার দায়ে ছেলের শাস্তির দাবি করেন।
খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকে ছেলে পলাতক রয়েছে। ফাতেমার সংসারে চার বছরের এক কন্যাসন্তান রয়েছে বলে তিনি জানান।
চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার: নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম জানান, চট্টগ্রামে মো. কাউসার নামের একজন বিশ্ববিদ্যালয়ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় নগরের সদরঘাট এলাকার ফেরিঘাট থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়৷
কাউসার বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউআইটিএসের ছাত্র।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, ‘দু-তিন দিন আগে বাকলিয়ার বাসা থেকে নিখোঁজ হন কাউসার। রোববার সন্ধ্যায় ভাসমান অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
ওসি বলেন, প্রেমজনিত ঘটনা নিয়ে বেশ কয়েক দিন ধরে ঝামেলার মধ্যে ছিলেন কাউসার। ধারণা করা হচ্ছে, এ কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বা কেউ তাঁকে হত্যা করতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি স্পষ্ট হবে।