পারিবারিক কলহে গৃহবধূ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারিবারিক কলহের শিকার হয়ে খুন হয়েছেন অন্তঃসত্ত্বা গৃহবধূ। গত বুধবার গভীর রাতে পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ইসলামপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত গৃহবধূর নাম পারভীন বেগম (২৮)। তিনি তিন সন্তানের জননী। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক স্বামী সবুজ মিয়াসহ পরিবারের অন্য সদস্যরা পলাতক রয়েছেন।নিহত গৃহবধূর পরিবার থেকে জানা যায়, ২০০১ সালে পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ইসলামপাড়া এলাকার ফটিক মিয়ার মেয়ে পারভীন বেগমের সঙ্গে একই এলাকার মোন্তাজ উদ্দিনের ছেলে সবুজ মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় পারভীনকে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন যৌতুক দাবি করে নির্যাতন করে আসছিল। এ নিয়ে প্রায়ই তাঁদের পরিবারে ঝগড়া-কলহ লেগে থাকত। এরই মধ্যে সবুজ-পারভীনের সংসারে সিয়াম (৮), সিফাত (৬) ও রিফাত (৪) নামের তিন ছেলেসন্তানের জন্ম হয়। সম্প্রতি চার মাসের অন্তঃসত্ত্বা পারভীন বেগমকে তাঁর বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য চাপ দেন সবুজ মিয়া। এতে পারভীন বেগম অপারগতা প্রকাশ করলে স্বামী সবুজসহ পরিবারের লোকজন তাঁর ওপর বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকে। এরই ধারাবাহিকতায় গত বুধবার গভীর রাতে পারভীন বেগম রাতের খাবার খেয়ে তিন ছেলেকে নিয়ে শুয়ে পড়েন। রাত ১১টার দিকে পারভীনের স্বামী সবুজ মিয়াসহ পরিবারের অন্য সদস্যরা পারভীনের ঘরে ঢুকে তাঁকে শ্বাসরোধে খুন করেন। পরে তাঁর মৃতদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়।গৃহবধূর বাবা ফটিক মিয়া সাংবাদিকদের বলেন, ‘মেয়ের সুখের কথা চিন্তা করে প্রায় সময় মেয়েকে আর্থিকভাবে সহযোগিতা করেছি। কিন্তু এবার পারভীন টাকার বিষয়ে কিছু বলেনি। পরে জানতে পেরেছি, তাদের বাড়ি থেকে নাকি টাকার আনার কথা বলেছিল। এরই মধ্যে তারা আমার মেয়েকে হত্যা করে ফেলেছে।’