পারিবারিক কৃষি কার্ড চালুর দাবি
কৃষক হিসেবে নারীর স্বীকৃতি প্রদানসহ নারী কৃষককে চিহ্নিত করে রাষ্ট্রীয় প্রণোদনাব্যবস্থার আওতায় আনা এবং পারিবারিক কৃষি কার্ড প্রবর্তনের দাবি জানিয়েছেন নারী অধিকারকর্মীরা। বাংলাদেশ নারী প্রগতি সংঘ ও নারী মৈত্রীর যৌথ উদ্যোগে গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে ভূমিতে নারীর সম-অধিকার এবং বাজার ব্যবস্থাপনায় নারীবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবিগুলোও উঠে আসে।
রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, নারী শ্রমিকের ৭৭ শতাংশই গ্রামীণ নারী। তাঁরা মূলত কৃষিকাজ, পশুপালন, হাঁস-মুরগি পালন ও মাছ চাষের মতো বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত। এই শতকের প্রথম দশকে কৃষি, বন ও মৎস্য খাতে অংশগ্রহণকারী নারীর সংখ্যা ৩৭ লাখ থেকে বেড়ে প্রায় ৮০ লাখে উন্নীত হয়েছে। এর পরও পুরুষের তুলনায় নারী শ্রমিকেরা কম মজুরি পাচ্ছেন। বর্তমানে নারী কৃষিশ্রমিকের মজুরি পুরুষের তুলনায় ৪১ শতাংশ কম।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) ফেলো এম আসাদুজ্জামান বলেন, গ্রামীণ অর্থনীতিতে নারীর অবদান ৫৩ শতাংশ। বিপরীতে পুরুষের অবদান ৪৭ শতাংশ হলেও রাষ্ট্রীয়ভাবে নারীর এই কাজের স্বীকৃতি ও মূল্যায়ন নেই। রাষ্ট্রীয় প্রণোদনার অংশ হিসেবে গত বছর ১ কোটি ৩৯ লাখ কৃষক কার্ড বিতরণ করা হলেও নারী কৃষকদের ভাগ্যে তা জোটেনি।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর। মূল বক্তব্য উপস্থাপন করেন নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহিন আকতার। আরও বক্তব্য দেন নারী প্রগতি সংঘের সাবেক রিসার্চ ফেলো প্রতিমা পাল মজুমদার ও অক্সফামের অ্যাডভোকেসি কো-অর্ডিনেটর মুজাহিদুল ইসলাম।