পারিবারিক নির্যাতন রোধে ১০ লাখ যোদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আমরাই পারি’ সামাজিক প্রচারাভিযানের অংশ হয়ে দেশের ১০ লাখের বেশি মানুষ পারিবারিক নির্যাতনের বিরুদ্ধে কাজ করছে। ছবি: প্রথম আলো
‘আমরাই পারি’ সামাজিক প্রচারাভিযানের অংশ হয়ে দেশের ১০ লাখের বেশি মানুষ পারিবারিক নির্যাতনের বিরুদ্ধে কাজ করছে। ছবি: প্রথম আলো

‘রাগ যে একেবারে করি না, এইটা বললে সম্পূর্ণ মিথ্যা বলা হবে...আমি হয়তো তখন খ্যাছম্যাছ না করে বাইরে চলে গেলাম। একটু পরে মনটন ভালো লাগলে আস্তে-ধীরে আবার ঘরে আসলাম; না হইলে টিবি-টুবি দেখলাম। আমার রাগের ডিগ্রি তো এখন ১০০ থাইকে ৫০-এর নিচে আসি গেছে।’
এভাবেই নিজের রাগ নিয়ন্ত্রণ করে পারিবারিক নির্যাতন রোধে কাজ করে যাচ্ছেন দিনাজপুরের চিরিরবন্দরের বাসুদেবপুর গ্রামের বর্গাচাষি নুরুল হক। কাগজে-কলমে তিনি পরিচিত ‘চেঞ্জমেকার’ হিসেবে।
শুধু নুরুল হক নন, দেশের ১০ লাখের বেশি মানুষ বিশ্বাস করেন, পারিবারিক নির্যাতন একটি অপরাধ। তাঁরা নিজেরা এ অপরাধ করবেন না বলে বদ্ধপরিকর। নির্যাতন দেখলে তাঁরা মেনে নেন না, অন্যদেরও এ নির্যাতন থেকে বিরত থাকতে উদ্বুদ্ধ করেন। তাঁরা যুগের পর যুগ ধরে চলা পারিবারিক নির্যাতনের বিরুদ্ধে ‘আমরাই পারি’ সামাজিক প্রচারাভিযানের ‘চেঞ্জমেকার’।
২০০৪ সালে অক্সফামের সহায়তায় বাংলাদেশে এর সূচনা হয়েছিল। দক্ষিণ এশিয়াসহ বর্তমানে বিশ্বের মোট ১৫টি দেশে এটি চলছে। সংক্ষেপে প্রচারাভিযানটি ‘আমরাই পারি’ বা ‘উই ক্যান’ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। আজ বৃহস্পতিবার ‘আমরাই পারি’ ক্যাম্পেইনের ১০ বছর পূর্তি।

‘আমরাই পারি’র দেওয়া তথ্য অনুযায়ী, যে কেউ যেকোনো সময় নিজেকে চেঞ্জমেকার হিসেবে ভাবতে পারেন। তবে তাঁর মধ্যে পারিবারিক নির্যাতনকে চ্যালেঞ্জ করার ইচ্ছা বা মনোবল থাকতে হবে। তিনি কাজ করবেন সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে। চেঞ্জমেকার হওয়ার পর তিনি স্বতঃস্ফূর্তভাবে কমপক্ষে ১০ জনের সঙ্গে পারিবারিক নির্যাতন নিয়ে কথা বলবেন বলে অঙ্গীকারবদ্ধ।

২০১১ সালে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পরিচালিত এক জরিপের তথ্যমতে, বাংলাদেশে একজন চেঞ্জমেকার ৬৪ জনের সঙ্গে কথা বলেন। নেপালে ৩৯, ভারতে ২৬, পাকিস্তানে ১৯ ও শ্রীলঙ্কায় চেঞ্জমেকাররা ২৬ জনের সঙ্গে কথা বলেন। কথা বললেই সবার আচরণ পরিবর্তন হয়ে যাচ্ছে বা যাবে, তা নয়। জরিপ অনুযায়ী, চেঞ্জমেকারদের কাছ থেকে কথা শোনার পর বাংলাদেশের ৬৯ ভাগ মানুষই তা বাস্তবায়নে চেষ্টা চালিয়েছে। এটি দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বেশি।

চেঞ্জমেকারদের বেশির ভাগই একসময় পরিবারের ভেতরে নির্যাতনকারী ও নির্যাতনের শিকার ছিলেন। বর্তমানে দেশের প্রায় ৫৫ জেলায় ‘আমরাই পারি’র কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখানে পুরুষের অংশগ্রহণ প্রায় ৫০ ভাগ।

‘আমরাই পারি’ পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের জাতীয় কমিটির চেয়ারপারসন এবং আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল প্রথম আলোকে বলেন, পুরুষতান্ত্রিক সমাজে পারিবারিক পর্যায়ে সহিংসতা বন্ধ হয়েছে কি না, তার ফলাফল পেতে একটি উল্লেখযোগ্য সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়। তবে এখন বিপুলসংখ্যক মানুষ ভাবতে শুরু করেছেন, এ ধরনের নির্যাতন বন্ধ করার দায়িত্বটি তাঁর নিজের।

জোটের কো-চেয়ারম্যান ও অক্সফামের প্রোগ্রাম ম্যানেজার এম বি আখতার বলেন, এ ক্যাম্পেইন নীরবতা ভাঙার কাজটি করছে। এখন মানুষ নির্যাতন দেখলে বা নির্যাতনের শিকার হলে আর চুপ করে থাকে না।