পারিবারিক বন্ধনের দৃঢ়তা বৈষম্য দূর করতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারিবারিক কাঠামো পরিবর্তনের ফলে পারস্পরিক সম্পর্কে প্রভাব পড়ছে। আর অভিভাবকেরা কর্মক্ষেত্রে তুলনামূলক বেশি সময় দেওয়ায় পারিবারিক কাঠামো দৃঢ় হচ্ছে না। বর্তমান প্রেক্ষাপটে নারী-পুরুষের বৈষম্য দূর করতে ও নারী নির্যাতন বন্ধে প্রয়োজন দৃঢ় পারিবারিক বন্ধন।গতকাল মঙ্গলবার মহিলাবিষয়ক অধিদপ্তর আয়োজিত ‘আন্তপ্রজন্ম’ সংলাপে বক্তারা এসব কথা বলেন। ‘নারী নির্যাতন বন্ধ করুন, সমাজ সংসার নারীবান্ধব রাখুন’ স্লোগান নিয়ে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে এই সংলাপের আয়োজন করা হয়। নবীন ও প্রবীণ প্রজন্মের প্রতিনিধিরা সংলাপে অংশ নেন। সংলাপ উদ্বোধন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. সিরাজুল হক খান।মুখ্য আলোচক কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেন, ‘প্রতিনিয়ত সমাজের পরিবর্তন ঘটছে। ভুলে গেলে চলবে না, নারীরা নির্যাতনের শিকার হলেও জাতীয় অগ্রগতির ক্ষেত্রে তারা বড় ভূমিকা রাখছে। তাই নারী নির্যাতন প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি সংস্থার সবাইকে যার যার ভূমিকা পালন করতে হবে। পারিবারিক বন্ধন দৃঢ় হলে নারী-পুরুষের বৈষম্য অনেকাংশে দূর হবে।’চট্টগ্রামে নারী নির্যাতনের প্রেক্ষাপটে জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা অঞ্জনা ভট্টাচার্য বলেন, নারীরা নিকটাত্মীয়দের অর্থাৎ পরিবারের সদস্যদের দ্বারাই ঘরে নির্যাতনের শিকার হচ্ছে বেশি।ফেরদৌস বাপ্পীর উপস্থাপনায় প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জজ আদালতের আইনজীবী মোহাম্মদ দিদারুল আলম, চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ নুরুল ইসলাম এবং নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী মোহাম্মদ রফিকউল্লাহ।প্রবীণদের মধ্যে আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম চৌধুরী, সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান ঝুলন দাশ শর্মা, বান্দরবান লামা উপজেলার সমাজসেবক জাহানারা আরজু প্রমুখ।সংলাপ শেষে নারী নির্যাতনের বিরুদ্ধে শপথ পাঠ করান অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ নুরুল ইসলাম।