পারিবারিক বিরোধ থেকে ভোটযুদ্ধে বাবা-ছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাবা ও ছেলে ভোটযুদ্ধে নেমেছেন। তাঁরা একে অপরের বিরুদ্ধে চালিয়ে যাচ্ছেন প্রচার-প্রচারণা। নির্বাচনে কেউ কাউকে ছাড় দিতে নারাজ। পারিবারিক বিরোধ থেকেই বাবা–ছেলের এই ভোটযুদ্ধ বলে জানা গেছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, আগামী ৭ মে চতুর্থ ধাপে উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৩১ জন, সংরক্ষিত মহিলা সদস্যপদে ৬৪ এবং সাধারণ সদস্যপদে ২২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার প্রতিটি ইউনিয়নে আনন্দঘন পরিবেশ তৈরি হয়েছে। প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। উপজেলার মাজপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বাবা ও ছেলে প্রার্থী হওয়ার বিষয়টি পুরো উপজেলায় আলোচিত হচ্ছে।
ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ফারুক হোসেন বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন। অপরদিকে তাঁর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন ফারুক হোসেনের বাবা আনোয়ার হোসেন। তিনি মাজপাড়া ইউনিয়ন পরিষদ ও আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। বাবা-ছেলে দুজনই পৃথকভাবে প্রচারণা চালাচ্ছেন। এ অবস্থায় পরিবারের লোকজন, আত্মীয়স্বজন ও এলাকাবাসী দুই ভাগে বিভক্ত হয়ে দুজনের পক্ষ নিয়েছেন। এর মধ্যেই কয়েক দফা দুই পক্ষে ঝগড়াবিবাদ হয়ে গেছে।
বাবা আনোয়ার হোসেন বলেন, ‘আমি আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম। মাজপাড়া ইউনিয়নেরও চেয়ারম্যান ছিলাম। আমিই ইউনিয়নটিতে চেয়ারম্যান পদের একমাত্র যোগ্য প্রার্থী। এলাকার লোকজনও আমাকে চেয়ারম্যান হিসেবে চায়। তাই নির্বাচনে লড়ছি। কিন্তু পারিবারিক দ্বন্দ্ব থেকেই ছেলে আমার বিরুদ্ধে নির্বাচনে দাঁড়িয়েছে। সে তার মতো, আমি আমার মতো নির্বাচন করব।’
এদিকে ছেলে ফারুক হোসেন বলেন, ‘আমি বর্তমান চেয়ারম্যান। ইউনিয়নে আমার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তা ছাড়া বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেয়েছি। ফলে আমার বিরুদ্ধে বাবা প্রার্থী হওয়ায় কিছু যায় আসে না। গণতান্ত্রিক দেশে যে কেউ প্রার্থী হতে পারেন।’