পারিবারিক বিরোধে প্রাণ গেল মা-মেয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারিবারিক কলহের জের ধরে ছয় বছর বয়সী মেয়েকে নিয়ে বিষাক্ত বড়ি খান লাকি বর্মণ নামের এক গৃহবধূ। হাসপাতালে নেওয়ার পথে তাঁরা মারা যান। গত বৃহস্পতিবার বগুড়ার আদমদীঘি উপজেলার মিতইল গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, মিতইল গ্রামের গৌতম বর্মণ একজন রিকশাচালক। সাত বছর আগে গাজীপুরে রিকশা চালাতে গিয়ে তিনি লাকিকে (২৩) বিয়ে করেন। বিয়ের পর থেকে সংসারে অভাবের কারণে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো।

এর জের ধরে গত বৃহস্পতিবার দুপুরে গৌতম বাড়ির বাইরে গেলে লাকি প্রথমে মেয়ে সঞ্চিতাকে পুকুর পরিষ্কার করার কাজে ব্যবহার করা বিষাক্ত বড়ি খাওয়ান এবং পরে নিজেও খান। যন্ত্রণায় মেয়ে ও মা চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে এসে তাঁদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার উদ্দেশে রওনা দেন। কিন্তু পথেই মা ও মেয়ে মারা যান।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, মা ও মেয়ের লাশ ময়নাতদন্তের জন্য বগুড়ার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।