পারিবারিক বিরোধের জের ধরে যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলার গোহাডুয়া গ্রামে গত রোববার রাতে পারিবারিক বিরোধের জের ধরে রমজান আলী বাহাদুর (২০) নামে এক যুবককে ঘুমের মধ্যে তাঁর সৎ খালাতো ভাই (সৎমায়ের বোনের ছেলে) মো. আবদুল্লাহ (২২) উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করেছেন। ঘটনার পর থেকে মো. আবদুল্লাহ পলাতক।
পুলিশ ও এলাকাবাসী জানান, গত রোববার রাত তিনটার দিকে ফেনী সদর উপজেলার কালীদহ ইউনিয়নের গোহাডুয়া গ্রামের সৌদিপ্রবাসী আবুল কাশেমের বাড়িতে পারিবারিক বিরোধের জের ধরে তাঁর প্রথম সংসারের ছেলে মো. আবদুল্লাহ তাঁর সৎ খালাতো ভাই রমজান আলী বাহাদুরকে নিজ ঘরেই ঘুমের মধ্যে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। এ সময় চিৎকারে আবদুল্লাহর সৎমা হাসিনা বেগমসহ প্রতিবেশীরা এগিয়ে এসে বাহাদুরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়। রমজান আলী বাহাদুরের চাচাতো ভাই মহিউদ্দিন মাস্টার জানান, রমজান কয়েক বছর ধরে পাশের গোহাডুয়া গ্রামে সৌদিপ্রবাসী খালু আবুল কাশেমের ঘরে থাকতেন। এটি আবুল কাশেমের প্রথম সংসারের ছেলে মো. আবদুল্লাহ পছন্দ করতেন না। এর জের ধরে দীর্ঘদিন তাঁদের মধ্যে বিরোধ চলে আসছিল। নিহত রমজান আলী বাহাদুর ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের ওবায়দুল হকের ছেলে এবং স্থানীয় একটি ভিডিওর দোকানে কাজ করতেন। কয়েক বছর ধরে তিনি তাঁর পাশের গোহাডুয়া গ্রামে খালার বাড়িতে (আবদুল্লাহর সৎমা) থাকতেন।
ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন পারিবারিক বিরোধের জের ধরে ছুরিকাঘাতে এক যুবকের নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকে মো, আবদুল্লাহ পলাতক। রমজান আলীর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।