পারিবারিক সংকট থেকে রক্তপাত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামাল শেখ, নুসরাত আক্তার, শামসুন্নাহার, সাজ্জাদুল করিম
জামাল শেখ, নুসরাত আক্তার, শামসুন্নাহার, সাজ্জাদুল করিম

কাকরাইলের নিজেদের বাড়িতে গত বুধবার রাতে খুন হন ধনাঢ্য পরিবারের গৃহিণী ও তাঁর ইংরেজি মাধ্যম পড়ুয়া ছেলে। এর কয়েক ঘণ্টা পরই গতকাল বৃহস্পতিবার সকালে বাড্ডার ঘিঞ্জি একটি বাড়ির এক কামরার সংসারে গাড়িচালক বাবা আর তাঁর তৃতীয় শ্রেণি পড়ুয়া মেয়ের লাশ পাওয়া যায়। দুটো পরিবারের বিত্তবৈভব আর সামাজিক মর্যাদার ব্যাপক পার্থক্য থাকলেও সংকটটা একই ধরনের। পুলিশ বলছে, দুটো ঘটনার মূলেই রয়েছে পারিবারিক সংকট।

মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ঢাকা শহরে দু-দুটো জোড়া খুনের ঘটনা নগরবাসীকে উদ্বেগে ফেলেছে। পুলিশ বলছে, উদ্বেগের কিছু নেই, দুটি ঘটনাই ঘটেছে পৃথকভাবে। তবে বিশেষজ্ঞরা যা বলছেন তাতে উদ্বেগ কমছে না। তাঁরা বলছেন, সামাজিক ন্যায়বিচারের অভাব। এর প্রভাব পড়ছে ব্যক্তিজীবনে। মানুষ সম্পর্কগুলোকে পরোয়া করছে না। অস্থিরতা বাড়ছে, মানুষ দ্রুত হতাশ হচ্ছে। হতাশা চরমে পৌঁছালে মানুষ যুক্তি হারান, আবেগে ভাসেন। অপরাধ করেন।

একই ধরনের ঘটনা এ বছরই ঘটেছে বেশ কয়েকটি। এ বছরের ১০ জানুয়ারি দারুস সালামে দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেন মা। একই দিনে রাজধানীর গুলশানে বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে স্ত্রীকে হত্যার পর থানায় আত্মসমর্প করেন স্বামী। ১৫ ফেব্রুয়ারি রাজধানীর মালিবাগে স্ত্রীর হাতে স্বামী খুন হন। ৮ জুন রাত সাড়ে ১২টায় তুরাগের বাসা থেকে মাসহ তিন সন্তানের লাশ উদ্ধার করে পুলিশ। ১৭ সেপ্টেম্বর মিরপুর পূর্ব মণিপুরে স্ত্রীকে খুনের অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করে পুলিশ। ২৬ অক্টোবর বরিশালের চরবাড়িয়ায় পারিবারিক কলহের জের ধরে দুই ছেলে ও স্ত্রীর হাতে স্বামী খুন হন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন মনে করেন, গ্রামভিত্তিক সমাজব্যবস্থা থেকে বাংলাদেশ ক্রমেই নগরায়ণের দিকে যাচ্ছে। মানুষে জীবনযাপনের ধরন, দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে আর স্বামী-স্ত্রীর সম্পর্কটা হালকা হয়ে যাচ্ছে। মানুষ কাউকে পরোয়া করছে না। প্রযুক্তি মানুষকে আরও বেশি অপরাধপ্রবণ করে তুলছে। প্রতিষ্ঠিত সম্পর্ক ভেঙে যাচ্ছে।
গতকাল দুপুরে বাড্ডার হত্যাকাণ্ডস্থলে এসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) কৃষ্ণপদ রায় সাংবাদিকদের বলেন, কাকরাইল ও বাড্ডার দুটো ঘটনার মধ্যে কোনো যোগসূত্র নেই। সংক্ষিপ্ত সময়ের মধ্যে ঘটনা দুটো ঘটায় মানুষ কিছুটা সন্ত্রস্ত হয়েছে। পারিবারিক কলহ এবং টানাপোড়েনের কারণেই ঘটনা দুটো ঘটেছে বলে প্রাথমিকভাবে তাঁরা মনে করছেন।

ছোট্ট ছেলেটি বসে ছিল বাবা-বোনের লাশের মাঝে
বাড্ডার ময়নারবাগ কবরস্থানের পাশে ‘পাঠানবাড়ি’ নামের চারতলা একটি বাড়ির তৃতীয় তলার একটি ঘর থেকে গতকাল সকালে গাড়িচালক জামাল শেখ (৩৮) ও তাঁর দ্বিতীয় শ্রেণি পড়ুয়া মেয়ে নুসরাত আক্তার জিদনীর (৯) লাশ উদ্ধার করা হয়। জামালকে ভারী কিছুর আঘাতে আর শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক।

১৭-১৮ বছর ধরে বাড্ডার ওই এলাকারই বিভিন্ন বাড়িতে ভাড়া থেকে গাড়ি চালানোর কাজ করতেন জামাল। গত মাসে তিনি স্ত্রী আর্জিনা (২৫), মেয়ে নুসরাত ও পাঁচ বছরের ছেলে আলভীকে নিয়ে পাঠানবাড়ির তিনতলার এই কামরায় ওঠেন। গুলশানে এক ব্যক্তির গাড়ি চালাতেন তিনি। তা ছাড়া এলাকায় তিনি সুদে টাকা ধার দেওয়ারও ব্যবসা করতেন। এত কিছু করেও দুই ছেলেমেয়ে নিয়ে ছোট্ট সংসারটি চালাতে হিমশিম খেতে হতো জামালকে।
বাড়ির মালিক নাসিমা দুলাল জানান, মাসে সাত হাজার টাকায় দুটো কক্ষ ভাড়া নেন জামাল। পরে আবার একটি কক্ষ শাহীন নামের একজনকে সাবলেট দিয়ে দেন। এই হত্যার জন্য এখন শাহীনকেই সন্দেহ করছে পুলিশ।

বাড্ডার হোসেন মার্কেটের পাশের রাস্তা দিয়ে কিছু দূর গেলেই অলি-গলিপূর্ণ ময়নারবাগ এলাকা। এই এলাকায় দুই থেকে তিন হাজার পেশাদার গাড়িচালক ভাড়া থাকেন। পাঠানবাড়ি নামের ওই চারতলা ভবনের প্রতি কক্ষে ভাড়া থাকে একটি করে পরিবার। ছোট্ট বাড়িটিতে ২৪ পরিবার থাকে। তৃতীয় তলার এক পাশে বাড়ির মালিকেরা নিজেদের থাকার জন্য নতুন কক্ষ বানাচ্ছেন। ছাদের এক পাশ ফাঁকা। কোনার দিকে লাগোয়া দুটি কক্ষের একটিতে জামাল আর অন্য কক্ষে শাহীন তাঁর স্ত্রী ও এক সন্তানকে নিয়ে থাকতেন। ঘটনার পর থেকে সেই শাহীনকে পাওয়া যাচ্ছে না। তাঁর কক্ষটি তালাবদ্ধ। বাড়িটি থেকে ঢোকা বা বের হওয়ার একটি পথ। সেখানকার কলাপসিবল ফটকটি সার্বক্ষণিক তালা দেওয়া থাকে, প্রত্যেক ভাড়াটেকে অন্তত একটি করে চাবি দেওয়া হয়।

বাড়ির বাসিন্দারা বলেন, গতকাল ভোরে ইউসুফ নামে চারতলার এক বাসিন্দা ফজরের নামাজ পড়ার জন্য যখন নিচে নামছিলেন, তখন তিনি জামালের স্ত্রী আর্জিনাকে ঘরের সামনে বসে কাঁদতে দেখেন। নামাজ পড়ে ফেরার সময়ও একই অবস্থায় তাঁকে দেখতে পেয়ে তিনি বিষয়টি নিচের তলায় থাকা বাড়ির মালিকের স্ত্রী নাসিমা দুলালকে জানান। নাসিমা তাঁর আরেক ভাড়াটে জ্যোৎস্না বেগমকে ঘটনাটি দেখার জন্য পাঠান।

জ্যোৎস্না প্রথম আলোকে বলেন, তিনি গিয়ে আর্জিনাকে জিজ্ঞেস করেন কী হয়েছে, আর্জিনা তাঁকে বলেন, রাতে চারজন ডাকাত এসে তাঁদের দরজায় শব্দ করে। জামাল দরজা খুলে দিলে তারা ঘরে ঢুকে প্রথমে তাঁর (আর্জিনা) মুখ বেঁধে ফেলে। এরপর তাঁকে আঘাত করলে তিনি অজ্ঞান হয়ে যান। জ্ঞান ফিরলে স্বামী ও মেয়ের লাশ বিছানার ওপর দেখতে পান।
জ্যোৎস্না বলেন, তিনি গিয়ে দেখেন জামাল ও তাঁর মেয়ের লাশই বিছানার ওপর আড়াআড়িভাবে ছিল। জামালের মুখে একটি কাঁথা এবং পায়ে একটি চাদর ছিল। লাশ দুটোর মাঝখানে ছোট ছেলে আলভী বসে ছিল।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কাদের ওই বাসায় প্রথম গিয়েছিলেন। তিনি বলেন, পৌনে সাতটায় তিনি ওখানে গিয়ে দেখেন লাশের গায়ে লেগে থাকা রক্ত জমাট বেঁধে গেছে। সেটা দেখে তিনি অনুমান করেন চার থেকে পাঁচ ঘণ্টা আগে ঘটনাটি ঘটেছে।

ঝগড়াঝাঁটির ইতিবৃত্ত
সাত ভাই ও এক বোনের মধ্যে জামাল ছিলেন পঞ্চম। তাঁর বাড়ি গোপালগঞ্জের বনগ্রাম পূর্বপাড়ায় আর তাঁর স্ত্রী আর্জিনার বাড়ি পাশের বলাকৈর গ্রামে। বাড্ডার ময়নারবাগেই জামালের আরও চার ভাই থাকেন। জামালের ভাড়া বাসা থেকে কয়েক কদম দূরেই তাঁর আরেক ভাই দুলাল শেখের বাসা। দুলালের স্ত্রী সেলিনা বেগম প্রথম আলোকে বলেন, জামালের সঙ্গে ঝগড়া করে আর্জিনা তাঁর ছেলেকে সঙ্গে নিয়ে বাবার কাছে চলে গিয়েছিলেন। সেখানে টানা দুই মাস থেকে গত মাসের মাঝামাঝি সময়ে ফিরেছিলেন। এরপর কোনো ধরনের ঝগড়াঝাঁটির খবর তাঁরা পাননি। তবে আর্জিনাকে মুঠোফোন ব্যবহার করতে দিচ্ছিলেন না জামাল।

বাড্ডা থানায় কথা হয় জামালের ভাই দুলাল ও শামীমের সঙ্গে। আর্জিনাকে তখন পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। তাঁর ছোট ছেলেটি হাতে চিপসের প্যাকেট নিয়ে মাকে এদিক-ওদিক খুঁজছিল। দুলাল বলেন, ১০-১২ বছর আগে জামাল ও আর্জিনার বিয়ে হয়। বিয়ের বছরখানেক পর তাঁদের পারিবারিক কিছু ঝামেলা হয়েছিল। কিন্তু বিষয়টি তখনই মিটমাট হয়ে যায়। দুলাল মনে করেন, যা-ই ঘটুক না কেন আর্জিনাই সবকিছু জানেন।

দুলালের স্ত্রী সেলিনা বুধবার সন্ধ্যায় জামালদের বাসায় গিয়েছিলেন। আর্জিনা তখন তাঁকে আমড়া কেটেও খাইয়েছেন। সবকিছুই স্বাভাবিক ছিল। এমনকি জামালের আরেক ভাই ইবু রাত ১০টায় খাবার খেতে যখন তাঁর বাসায় গিয়েছিলেন, তখনো তিনি দেখেছেন আর্জিনা আর তাঁর ছেলেমেয়েরা টিভি দেখছে।
পুলিশ সূত্রগুলোও আর্জিনাকে সন্দেহ করে। প্রধান হত্যাকারী হিসেবে তাদের সন্দেহ প্রতিবেশী শাহীনকে। এ ক্ষেত্রে বিবাহবহির্ভূত সম্পর্কের কোনো ঘটনা ঘটে থাকতে পারে।

কাকরাইলের জোড়া খুন: মামলা স্বামী-তৃতীয় স্ত্রীর বিরুদ্ধে
গত বুধবার সন্ধ্যায় কাকরাইলের ভিআইপি রোডে নিজেদের বাড়ি ‘মায়াকানন’-এর পঞ্চম তলায় শামসুন্নাহার (৪৬) ও তাঁর ছোট ছেলে সাজ্জাদুল করিম ওরফে শাওনকে (১৮) ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ হত্যার জন্য নিহতের স্বামী ধনাঢ্য ব্যবসায়ী আবদুল করিম ও তাঁর তৃতীয় স্ত্রী শারমীন মুক্তাকে সন্দেহ করা হচ্ছে বলে এক দিন পরই জানিয়েছে পুলিশ। করিম ও শারমীনকে আসামি করে গতকাল রাতে রমনা থানায় হত্যা মামলা করেছেন নিহত শামসুন্নাহারের ছোট ভাই আশরাফ আলী। মামলায় করিমের তৃতীয় স্ত্রী শারমীনের ছোট ভাইকেও আসামি করা হয়েছে।

পারিবারিক সূত্র জানায়, আদার ব্যবসা থেকে করিমের উত্থান হয়। এখন তাঁর বহু ব্যবসা আছে। যে ছেলেটি খুন হয়েছেন, তাঁর নামে তিনি শাওন কথাচিত্রের ব্যবসা শুরু করেছিলেন। এ ছাড়া তাঁর একাধিক আড়ত, আবাসিক হোটেল ও আমদানি-রপ্তানির ব্যবসা আছে। কাকরাইল ও এর আশপাশে তাঁর তিনটি ছয়তলা বাড়ি রয়েছে। জয়দেবপুর ও রাঙামাটিতে তাঁদের প্রচুর জমি আছে। স্বজনেরা বলছেন, আবদুল করিম কয়েক শ কোটি টাকার সম্পদের মালিক।

শামসুন্নাহারের ছোট ভাই আশরাফ আলীর অভিযোগ, শামসুন্নাহারকে না জানিয়ে করিম একাধিক বিয়ে করেছেন। বিভিন্ন নারীর সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে। তিনি স্বামীকে ওই পথ থেকে সরাতে গিয়ে নির্যাতনের শিকার হচ্ছিলেন। শামসুন্নাহার যে বাড়িতে খুন হয়েছেন, সেটি তাঁর নামেই রেজিস্ট্রিকৃত। এ ছাড়া শামসুন্নাহারের নামে মুন্সিগঞ্জে একটি কোল্ডস্টোরেজ ও রাজধানীর নয়াপল্টনের পলওয়েল মার্কেটে একাধিক দোকান আছে। এসবের মালিকানা করিম তাঁর নামে লিখে দিতে তাঁকে চাপ দিয়ে আসছিলেন। তিনি বলেন, কিছুদিন আগে করিমের তৃতীয় স্ত্রী শারমীন বাসায় এসে শামসুন্নাহারের নামে থাকা সম্পত্তি হস্তান্তরের জন্য চাপ দেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে শারমীন ও তাঁর লোকজন শামসুন্নাহারকে মারধর করেন এবং ভয়ভীতি দেখান। প্রাণহানির আশঙ্কায় তিন দিন আগে তিনি রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে চেয়েছিলেন।

আশরাফ আলীর অভিযোগ, করিম ও শারমীন মিলে বাড়ির দারোয়ান এবং গৃহকর্মীকে দিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। পুলিশ এ ঘটনায় আবদুল করিম, তাঁর তৃতীয় স্ত্রী, বাড়ির দারোয়ান আবদুল নোমান ও গৃহকর্মী রাশিদা বেগমকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
পুলিশের রমনা বিভাগের ভারপ্রাপ্ত উপকমিশনার নাবিদ কামাল শৈবাল প্রথম আলোকে বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাদ চলছে। প্রাথমিক তথ্য অনুযায়ী পারিবারিক দ্বন্দ্ব ও অর্থসম্পদের বিরোধের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে।

গতকাল বিকেলে ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) মর্গে ময়নাতদন্ত শেষে শামসুন্নাহার ও তাঁর ছেলে সাজ্জাদুল করিমের লাশ বারডেম হাসপাতালে হিমঘরে রাখা হয়েছে। শামসুন্নাহারের বড় ছেলে ও মেজ ছেলে শুক্রবার কানাডা থেকে দেশে ফিরবেন। এরপর মা-ছেলের লাশ গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে দাফন করা হবে।
ময়নাতদন্তকারী ডিএমসি ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক সোহেল মাহমুদ প্রথম আলোকে বলেন, ছুরির আঘাত শামসুন্নাহারের বুক দিয়ে ফুসফুসে ঢুকেছে এবং সাজ্জাদুলের বুকের দুই পাশ দিয়ে ফুসফুসে লেগেছে। এতেই তাঁরা ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন।

এর আগে গত মঙ্গলবার মা ও ছেলের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। এতে রমনা থানার উপপরিদর্শক (এসআই) আতোয়ার হোসেন উল্লেখ করেন, সাজ্জাদুল করিমের গলায় কাটা চিহ্ন এবং শরীরের বিভিন্ন স্থানে সাতটি কাটা জখম রয়েছে। ছুরির আঘাতে শামসুন্নাহারের থুতনি থেকে গলার নিচসহ শরীরের বিভিন্ন স্থানে ছয়টি কাটা চিহ্ন আছে।