পারিবারিক সংকট থেকে রক্তপাত: পাঠক প্রতিক্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক ঘণ্টার ব্যবধানে ঢাকা শহরে দু-দুটি জোড়া খুনের ঘটনা নগরবাসীকে উদ্বেগে ফেলেছে। বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক ন্যায়বিচারের অভাব। এর প্রভাব পড়ছে ব্যক্তিজীবনে। মানুষ সম্পর্কগুলোকে পরোয়া করছে না। অস্থিরতা বাড়ছে, মানুষ দ্রুত হতাশ হচ্ছে। এ সংকট থেকে উত্তরণের উপায় কী হতে পারে, সেটা জানতে চেয়ে প্রথম আলোর ফেসবুকের পক্ষ থেকে পাঠকদের মন্তব্য করতে বলা হয়েছিল। অনেকেই সেখানে তাঁদের মতামত জানিয়েছেন। সুশাসনের কথা যেমন বলেছেন অনেক পাঠক, পারিবারিক মূল্যবোধের প্রতিও জোর দিয়েছেন কেউ কেউ। সে সঙ্গে প্রযুক্তির খারাপ দিকও তুলে ধরেছেন অনেকেই।

শুকতারা সোনিয়া লিখেছেন, ‘মানুষ আজকাল পরিবার ও কাছের মানুষের সঙ্গে সম্পর্ককে পরোয়া করছে না। তারা কেবল টাকা নামক সোনার হরিণের পেছনে ছুটে চলেছে। জায়গা-জমি, সম্পত্তির মোহ মানুষকে অন্ধ করে তুলছে। এর ফলে তারা সুখের আসল মানে থেকে দূরে সরে যাচ্ছে। এটা তখনই দূরীভূত করা যাবে, যখন পারিবারিক বন্ধন দৃঢ় হবে এবং সামাজিকতা শিক্ষা দেওয়া যাবে। তবেই গড়ে উঠবে এক আলোকিত সমাজ।’ আজিজুল হক মল্লিক লিখেছেন, ‘অন্যায় করে শাস্তি হয় না। এটা সবচেয়ে বড় কারণ। যথাযথ শিক্ষার অভাবটাও আমাদের মধ্যে বিদ্যমান। ভুল করে ক্ষমা চাওয়া, কেউ উপকার করলে ধন্যবাদ দেওয়ার শিক্ষাটাও আমাদের নেই। এগুলোই সমস্যা, আর এ সমস্যা থেকেই যত দুর্ঘটনা।’

গণমাধ্যম ও আকাশ সংস্কৃতির প্রভাবকে এর জন্য দায়ী করেছেন কয়েকজন পাঠক। মাহবুবুর রহমান চৌধুরী লিখেছেন, ‘পারিবারিক অশান্তি, শাশুড়ি-বউ, ননদ-ভাবি ইত্যাদি সম্পর্কের ভেতরে ক্ষমতার দ্বন্দ্ব ও কূটচালের ব্যবহার নিয়ে ভারত-বাংলাদেশের কিছু কিছু চ্যানেলের নাটক ও সিরিয়াল প্রচার বন্ধ করতে হবে। এসব দেখে দেখে সম্পর্কে অবিশ্বাস বাড়ছে আর মানুষ পারিবারিক অশান্তিতে জড়িয়ে পড়ছে।’ আর এস রাফি লিখেছেন, ‘কর্মব্যস্ততা, সামাজিক প্রতিপত্তি অর্জনের নেশা, আকাশ অপসংস্কৃতির প্রভাব—সব মিলিয়ে মানুষ আবেগহীন হয়ে পড়ছে। সম্পর্কের দাম কমে যাচ্ছে। দরকার সামাজিক-পারিবারিক সুশিক্ষা, আকাশ সংস্কৃতির নিয়ন্ত্রণ।’

পারিবারিক সম্পর্কের টানাপোড়েন ও যৌথ পরিবার ভেঙে যাওয়া এসব সহিংসতার অন্যতম কারণ বলে মনে করছেন কেউ কেউ। ইসমা ইসলাম লিখেছেন, ‘পরিবারের সবাইকে একে অপরকে বুঝতে হবে। সবার মতামতকে গুরুত্ব দিতে হবে। এমন যেন না হয় যে কেউ অবহেলিত হচ্ছে। কোনো সমস্যা হলে কারও কোনো আচরণে কষ্ট পেলে সেটা সুন্দরভাবে বুঝিয়ে বলতে হবে। একটি সুন্দর পরিবার একজন মানুষকে বেঁচে থাকার স্বপ্ন দেখায়।’ শাহাদাত শাকিল লিখেছেন, ‘মানুষ যত আধুনিক হচ্ছে, তত ব্যস্ততা বাড়ছে। যত ব্যস্ততা বাড়ছে পারিবারিক সম্পর্ক তত ছোট হচ্ছে। যৌথ পরিবার বিলীন হয়ে একক পরিবারে রূপান্তরিত হচ্ছে, যার ফলে পারিবারিক শিক্ষা ও মূল্যবোধের অভাব তৈরি হচ্ছে।’ সৈয়দ শাকিল আহমেদ লিখেছেন, ‘পরিবার যে সবচেয়ে বড় বিদ্যালয়—এ শিক্ষা পুনরায় প্রতিষ্ঠিত করতে না পারলে উত্তরণ সম্ভব নয়।’

নৈতিক অধঃপতন, অসহিষ্ণুতার অভাব এসব ঘটনার জন্য দায়ী—এ রকম মনে করছেন অনেক পাঠক। তাহরিমা ইসলাম লিখেছেন, ‘দুটি ঘটনার পেছনে পরকীয়া। এটি দেখিয়ে দেয় নৈতিক অধঃপতনের দিকটিও। মাদকের মতো এটাও ভয়াবহ আকারে বাড়ছে, যার পরিণতি অত্যন্ত ভয়াবহ। পরকীয়ার ইতি ঘটে অঘটন দিয়েই। এ এমন এক মরণফাঁদ, অনায়াসে ঢোকা যায়, বের হওয়ার চাবি অন্যের হাতে!’ শেখ আহসান লিখেছেন, ‘সবচেয়ে বড় অভাব নৈতিক, মানবিক ও আদর্শিক শিক্ষার। বর্তমানকালে এগুলোর চরম ঘাটতি লক্ষণীয়। সমাজে এই তিনটি শিক্ষা সঠিকভাবে বিদ্যমান থাকলে এতটা অন্যায়, অত্যাচার ও নিষ্ঠুরতা সংঘটিত হওয়া অসম্ভব।’ মায়েশা জান্নাত নূর লিখেছেন, ‘প্রথমেই আমি বলব নৈতিক শিক্ষার অভাবে মানুষ কঠোর হয়ে যাচ্ছে; তাই শিশুদের নৈতিক শিক্ষা দিতে হবে। আজকাল আমরা শুধু ক্যারিয়ার গড়ার জন্য পড়াশোনা করছি। কিন্তু তার আগে আমাদের সবার সততা ও অন্যান্য মানবিক গুণ অর্জন করতে হবে।’
আইনের শাসন নিশ্চিত করা, বিচারের দীর্ঘসূত্রতা দূর করা, গণতান্ত্রিক পরিবেশ জারি রাখা—এসবই পারে এমন সংকট থেকে দূরে রাখতে। এ রকম মনে করছেন অনেক পাঠক। মো. সাইফুল আলম লিখেছেন, ‘সব ক্ষেত্রে সবার ওপর আইনের সঠিক ব্যবহার সমানভাবে করতে হবে। সব মানুষের সম্পূর্ণ অধিকার সঠিকভাবে প্রতিষ্ঠিত করতে হবে। সব ক্ষেত্রে গণতন্ত্র চালু করতে হবে। যেকোনো সময় গণতন্ত্র ও জনগণের প্রয়োজনে যুগোপযোগী আইন করতে হবে অথবা আইনের সংস্কার করতে হবে। আইনের সর্বোচ্চ প্রয়োগ ছাড়া কোনো দেশ চলতে পারে না।’ কল্লোল বিশ্বাস লিখেছেন, ‘কিছু লোক অতিরিক্ত ধনী হয়ে যা খুশি তাই করছে। বিচারে দীর্ঘসূত্রতা, যৌথ পরিবারগুলো ভেঙে যাওয়া, নৈতিকতার অবক্ষয়—এসবই কারণ।’ মো. ইউনুস রেজা লিখেছেন, ‘দলমত-নির্বিশেষে দ্রুত ন্যায়বিচার কার্যকর করা হলে অপরাধপ্রবণতা কমে যাবে, দেশের সার্বিক পরিবেশ স্বচ্ছ ও সুন্দর হবে।’
নাফিস ইমতিয়াজ লিখেছেন, ‘প্রযুক্তির যন্ত্রণায় পরিবারের সবার মিল হবে কীভাবে? একসময় আমরা সব ভাইবোন একসঙ্গে হলে গল্প করে সময় কাটাতাম, কিন্তু এখন সবার নজর ফোন বা টিভিতে থাকে। এভাবে কি বন্ধন থাকে?’
পাঠক, সব মন্তব্য দেখতে আমাদের ফেসবুক পোস্ট থেকে ঘুরে আসতে পারেন।