পারিবারিক সংগ্রহশালার নিদর্শন বরেন্দ্র জাদুঘরে
বগুড়ার এক পারিবারিক সংগ্রহশালায় থাকা কিছু দুর্লভ সামগ্রী রাজশাহীর বরেন্দ্র জাদুঘরকে হস্তান্তর করা হয়েছে। জাদুঘরের পরিচালক সুলতান আহমদের পক্ষে জাদুঘরের সচিব মোহাম্মদ আজিজুল ইসলাম গতকাল মঙ্গলবার এসব নিদর্শন গ্রহণ করেন।
সরকারি আজিজুল হক কলেজের বেগম রোকেয়া ছাত্রীনিবাসের পাশে এ পারিবারিক সংগ্রহশালাটি স্থাপন করা হয়। সরকারি আজিজুল হক কলেজের ইতিহাস বিভাগের সাবেক প্রধান এবং সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ সাইয়েদ জুলফিকার হায়দার এর প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি মারা যাওয়ার পর সংগ্রহশালাটি দেখভালের কেউ না থাকায় নানা সংগ্রহ নষ্ট হয়ে যাচ্ছিল। তাই রাজশাহী থেকে বরেন্দ্র জাদুঘরে কিছু নিদর্শন দিয়ে দেওয়া হয়েছে।
সরেজমিনে দেখা যায়, পাকা দোতলা ভবনে গড়ে উঠেছে সংগ্রহশালাটি। নিচতলায় অতিথিশালা। অতিথিশালায় প্রাচীন যুগের নানা প্রত্নসামগ্রী ভরা। দেয়ালে ঝোলানো আছে নানা প্রাচীন প্রত্ননিদর্শনের আলোকচিত্র। অতিথিশালা পেরিয়ে পাশে আরেকটি কক্ষ। সেখানে পুরোনো এক আলমারিতে সাজানো রয়েছে মুক্তিযুদ্ধের রণাঙ্গন থেকে সংগৃহীত ভাঙা গ্রেনেড, গুলির খোসা, একাত্তরের ধ্বংসযজ্ঞের নানা স্মৃতিচিহ্ন, কয়েক শ বছরের পুরোনো কষ্টিপাথরের মূর্তি, পোড়ামাটির ফলক, টেরাকোটা আর বিলুপ্ত দলিল-দস্তাবেজ।
প্রয়াত সাইয়েদ জুলফিকার হায়দারের স্ত্রী গুলনাহার বেগম বলেন, সাইয়েদ জুলফিকার ইতিহাসের শিক্ষক হিসেবে ৩০ বছর দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়িয়েছেন। পাশাপাশি তিনি ইতিহাস-ঐতিহ্য নিয়ে গবেষণা করতেন। গবেষণার স্বার্থেই তিনি ১৯৮০ সালের দিকে পারিবারিক সংগ্রহশালাটি গড়ে তোলেন। তিনি ২০১০ সালে মারা যান। তাঁর অবর্তমানে সংগ্রহশালাটি বন্ধ ছিল।
সরকারি শাহ সুলতান কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক শাহীদুর রহমান বলেন, জাদুঘর কর্তৃপক্ষ গণেশ মূর্তি ছাড়াও মুক্তিযুদ্ধের সময়ে পাওয়া গ্রেনেডের দুটি অংশ, গুলির খোসা এবং ১৮০০ শতকের মাঝামাঝির কিছু দলিলপত্র নিয়েছেন। অন্য সব প্রাচীন নিদর্শন পর্যায়ক্রমে হস্তান্তর করা হবে।
জাদুঘরের সচিব বলেন, পাথরের মূর্তিটি পঞ্চম শতক থেকে দ্বাদশ শতাব্দীর সময়ের হবে। তবে এটি কষ্টিপাথরের কি না তা পরীক্ষার আগে নিশ্চিত করা সম্ভব না।