পারিবারিক সহিংসতা আইনে ক্ষতিপূরণের বিষয়টি সুস্পষ্ট হওয়া জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারিবারিক সহিংসতা আইনে সরাসরি নারীর আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ রয়েছে। তবে বিধিমালায় ক্ষতিপূরণের বিষয়ে সুস্পষ্ট করে কিছু বলা হয়নি। ফলে বিচারকেরা ক্ষতি নির্ধারণে সমস্যায় পড়ছেন। সংক্ষুব্ধ নারীও তাঁর অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
আজ সোমবার ‘পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন ২০১০: ক্ষতিপূরণ আদেশ’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা কথাগুলো বলেন। রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের একটি হলে এর আয়োজন করে বেসরকারি সংস্থা কেয়ার।
সভায় কেয়ারের অ্যাডভোকেসি ও কমিউনিকেশনের কারিগরি সমন্বয়ক রওনক জাহান নির্যাতনে ক্ষতিপূরণ পরিমাপ করার একটি টুলের খসড়া দেখান। যার মাধ্যমে দৃশ্যমান ও অদৃশ্যমান সব ধরনের ক্ষতির অর্থনৈতিক পরিমাপ করা যাবে। রওনক জাহান বলেন, এটি নির্যাতনের শিকার নারীর সাময়িক ক্ষতিপূরণে একটি বড় ভূমিকা রাখবে।
সভায় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী বলেন, আইনটি নারীর জন্য খুবই সহায়ক। কিন্তু পুরুষতান্ত্রিক মানসিকতা আইনটি বাস্তবায়নের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ। পাশাপাশি, বিধিমালাগুলোও আরও স্পষ্ট ও সহজবোধ্য হওয়া জরুরি। তিনি আরও বলেন, আইনজীবী, বেসরকারি সংস্থা ও সরকারের একসঙ্গে বসে ক্ষতিপূরণ নির্ধারণের কৌশল ঠিক করতে হবে। এ ছাড়া পরিবারকে আরও নারীবান্ধব হতে হবে। এর ফল শুধু নারী নয়, পুরো পরিবার ভোগ করে।
প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল কর্মসূচির প্রকল্প পরিচালক আবুল হোসেন বলেন, আইনটি ভালো, তবে বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনায় আনলে এর বাস্তবায়ন কঠিন। তা ছাড়া আইনটি সম্পর্কে মানুষ তেমন জানে না। তাই আইনটি প্রত্যেকের বাড়ি পৌঁছানোই বড় চ্যালেঞ্জ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেয়ারের নারী উন্নয়ন প্রকল্পের পরিচালক হুমাইরা আজিজ। এতে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, আইনজীবী ও গণমাধ্যমকর্মীরা।