পারিবারিক সহিংসতা আইনে প্রথম মামলা
পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইনের আওতায় প্রথম মামলাটি হয়েছে গতকাল মঙ্গলবার। নির্যাতনের শিকার এক নারীর আবেদনের পরিপ্রেক্ষিতে জাতীয় মহিলা আইনজীবী সমিতি (বিএনডব্লিউএলএ) ঢাকার ১৮ নম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ওই পিটিশন মামলাটি দায়ের করে।ওই আদালতের ম্যাজিস্ট্রেট আনোয়ার ছাদাত আইনের অধীনে কেন সুরক্ষা আদেশ দেওয়া হবে না মর্মে আগামী ২৪ জুলাই আদালতে উপস্থিত হয়ে কারণ দর্শানোর জন্য প্রতিপক্ষকে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ২৪ তারিখের মধ্যে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।বিএনডব্লিউএলএ সূত্রে জানা গেছে, মামলার পক্ষ বা নির্যাতনের শিকার নারী নিজেও একজন আইনজীবী। তিনি ঢাকা আইনজীবী সমিতির সদস্য। তিনি মামলা করেছেন তাঁর স্বামীর বিরুদ্ধে।বিএনডব্লিউএলএর পক্ষে মামলাটি পরিচালনা করছেন সংগঠনের নির্বাহী পরিচালক সালমা আলী ও তৌহিদা খন্দকার। মামলার বিবরণ অনুযায়ী, ১৯৯৯ সালে স্বামী বাড়ির দোতলা ছাড়া নিজের অন্য অংশটুকু লিখিতভাবে স্ত্রীকে দেন। ২০০৩ সাল থেকে দুজনের সম্পর্কের অবনতি ঘটলে স্বামী পুরো বাড়ি তাঁর নামে লিখে দেওয়ার জন্য স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক অত্যাচার শুরু করেন। গত ১০ জুন স্ত্রীর ওপর আবারও অত্যাচার শুরু করলে ছেলে বাবাকে বাধা দেন। একপর্যায়ে স্বামী নিজেই নিজের মাথা দেয়ালে ঠুকে রক্তাক্ত করে ছেলের নামে হত্যাচেষ্টার মামলা করেন। ওই মামলায় ছেলে জেলে আছেন।বাদী বিএনডব্লিউএলএর সদস্য হওয়ায় মুঠোফোনে বিষয়টি সমিতিকে জানান। সমিতি কাফরুল থানায় জানালে পুলিশ ঘটনা তদন্ত করে। পুলিশ ও সমিতির লোকজনের সাহায্যে ওই নারী উদ্ধার পেয়ে সেদিনই কাফরুল থানায় সাধারণ ডায়েরি করেন।