পারিবারিক নির্যাতনের শিকার ব্যক্তিকে নির্যাতনের হাত থেকে বাঁচানো, সুরক্ষা দেওয়া এবং বিবাহিত নারীর সংসার টেকানোর উদ্দেশ্যেই সরকার ২০১০ সালে পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন প্রণয়ন করেছিল। তবে আইনটি সম্পর্কে জনসচেতনতার অভাব এবং এটি প্রয়োগে প্রয়োজনীয় ফরম না থাকাসহ কিছু সীমাবদ্ধতার কারণে আইনটির সুফল সেভাবে পাওয়া যাচ্ছে না।
আজ শনিবার রাজধানীর বেইলি রোডে জাতীয় মহিলা সংস্থার কার্যালয়ে দিনব্যাপী কর্মশালায় আইনজীবী, আইনের আওতায় প্রয়োগকারী কর্মকর্তা (মহিলাবিষয়ক কর্মকর্তা), সরকার এবং বেসরকারি সংগঠনের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা আইনটি ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা, চ্যালেঞ্জ এবং তা থেকে উত্তরণের উপায় চিহ্নিত করেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সংসার না ভেঙে একই সংসারে থেকেই যাতে বিবাহিত নারী সুরক্ষা পান, সে উদ্দেশ্যে অনেকে আইনের আশ্রয় নিলেও কিছু ক্ষেত্রে উল্টো ফলও পাওয়া যাচ্ছে। মামলা করার পরই স্বামী তালাক দিয়ে দিচ্ছেন স্ত্রীকে। আইনটি বাস্তবায়নে বিচারকদেরও আইনটি সম্পর্কে পর্যাপ্ত ধারণার অভাব আছে।
এ ছাড়া আইনটি আসলেই কতটুকু প্রয়োগ করা সম্ভব হচ্ছে, তা জানার জন্য জাতীয় পর্যায়ে কোনো নজরদারিরও ব্যবস্থা নেই। জনবল ও বাজেট স্বল্পতা, আইনটি ব্যবহারে মানসিকতার ঘাটতি, মামলার আদেশ প্রাপ্তিতে দীর্ঘসূত্রতাও আছে। আইনের আওতায় নির্যাতনের শিকার ব্যক্তির মালামাল উদ্ধারের জন্য সব সময় থানার সহযোগিতা পাওয়াও কঠিন হয়ে পড়ে।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, মহিলাবিষয়ক অধিদপ্তর এবং ২৫টি নারী ও মানবাধিকার সংগঠনের সমন্বয়ে গঠিত ‘পারিবারিক সহিংসতা প্রতিরোধে নাগরিক জোট’ যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। সিটিজেনস ইনিশিয়েটিভ এগেইনস্ট ডমেস্টিক ভায়োলেন্স বা নাগরিক জোটটির সচিবালয় হিসেবে কাজ করছে ‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’।
কর্মশালার সমাপনী পর্বের প্রধান অতিথি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল ইসলাম আইনটি প্রচারে এবং সংশ্লিষ্টদের জানানোর ক্ষেত্রে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেওয়া, আইনটি প্রয়োগে যেসব ফরম এখন পর্যন্ত মাঠ পর্যায়ে পৌঁছেনি তা-ও দ্রুত পৌঁছানোর ব্যবস্থা করবেন বলে জানান। নির্বাহী আদেশের মাধ্যমে সরকারের মহিলা অধিদপ্তরের মহিলাবিষয়ক কর্মকর্তাদের পাশাপাশি প্রবেশন অফিসারদের প্রয়োগকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়ারও আশ্বাস দেন।
আলোচনায় বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি ফওজিয়া করিম ফিরোজ বলেন, আইনটির সঠিক প্রয়োগে বিচারকদের পর্যাপ্ত প্রশিক্ষণ দিতে হবে। আগামী বছর আইনটির পাঁচ বছর পূর্তিতে এর একটি রিভিউ বা পর্যালোচনা করতে হবে।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রকল্পের প্রকল্প পরিচালক আবুল হোসেন বিয়ের আগে ছেলে ও মেয়ে এবং বিয়ের পর নবদম্পতিদের জন্য কাউন্সেলিংয়ের ব্যবস্থা করার বিষয়টিতে গুরুত্ব দেন।
নাগরিক জোটের সচিবালয়ের পক্ষে আইনজীবী ফরিদা ইয়াসমিন বলেন, শুধু এ আইন নয়, যৌতুকবিরোধী আইনসহ যেকোনো আইনের আওতায় স্ত্রী স্বামীর নামে মামলা করলে স্বামী তালাক দিয়ে দেন। তাই তালাকের ভয়ে নির্যাতন সহ্য করার কোনো মানে নেই। আইনের আশ্রয় নিতে হবে।
কর্মশালায় জানানো হয়েছে, আইন ও সালিশ কেন্দ্র (আসক), বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এবং বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি জানুয়ারি থেকে জুন পর্যন্ত মোট ২৩৫টি মামলা দায়ের করেছে।